দ্য হ্যান্ড্রেডে পাকিস্তানিদের উপেক্ষার অভিযোগ

দ্য হান্ড্রেডে আগামী মাসেই খেলোয়াড়দের নিলাম হবে। এই উপলক্ষে চলমান বিতর্কে নড়েচড়ে আয়োজক ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। নিলামতে সামনে রেখে বৈষম্যবিরোধী নীতিমালা স্মরণ করিয়ে দিয়ে দ্য হান্ড্রেডের আটটি ফ্র্যাঞ্চাইজিকে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে তারা।
এমন চিঠির কারণ অবশ্য আছে। সম্প্রতি ভারতীয় মালিকানাধীন চারটি দল এবারের ড্রাফটে পাকিস্তানি ক্রিকেটারদের উপেক্ষা করতে যাচ্ছে বলে খবর শোনা যাচ্ছে। ভারত-পাকিস্তান রাজনৈতিক টানাপোড়েনে এমনিতেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তথা আইপিএলে পাকিস্তানের খেলোয়াড়রা অংশ নিতে পারেন না। সেই রাজনৈতিক মনোভাব আইপিএল মালিকানার সঙ্গে যুক্ত ফ্র্যাঞ্চাইজিগুলোতেও প্রভাব ফেলতে যাচ্ছে বলে শোনা যাচ্ছে।
যদিও ইসিবি এই ব্যাপারে ভীষণ সতর্ক। ইসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা রিচার্ড গুল্ড এর আগে বলেছিলেন, তিনি আশা করেন সব দেশের খেলোয়াড়রাই দ্য হান্ড্রেডে নির্বাচনের জন্য যোগ্য বিবেচিত হবেন। প্রতিযোগিতাটির বৈষম্যবিরোধী কাঠামো যে সুস্পষ্ট, সেটিও জোর দিয়ে উল্লেখ করেন তিনি।
যদিও প্রতিযোগিতার ওপর সামগ্রিক নিয়ন্ত্রণ ইসিবির হাতে, তবে তারা কোনও দলকে নির্দিষ্ট খেলোয়াড় বাছাইয়ে বাধ্য করতে পারে না। তবে বৈষম্যের প্রমাণ মিললে বিষয়টি নিয়ন্ত্রক সংস্থার কাছে পাঠানো হতে পারে, যেখানে শাস্তির বিধানও রয়েছে।



