গোপালগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত ১০

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হন। সোমবার বেলা ১১টার দিকে উপজেলার কমলাপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত নিলু মুন্সী (৫০) কমলাপুর গ্রামের আনোয়ার মুন্সীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বেলা ১১টার দিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কমলাপুর গ্রামের আনোয়ার মুন্সী গ্রুপ ও নুর ইসলাম গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রথমে আনোয়ার মুন্সীর পক্ষের লোকজন হাসপাতাল গেটে নুর ইসলামকে আক্রমণ করেন। এ ঘটনার জেরে নুর ইসলামের লোকজন আনোয়ার মুন্সীর বাড়িতে গিয়ে হামলা ও ভাঙচুর চালান। পরে সংঘর্ষে বেধে যায়।
সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের অন্তত ১১ জন আহত হন। তাদের মুকসুদপুর হাসপাতালে ভর্তি করা হয়। পরে গুরুতর আহত নিলু মুন্সী, তার স্ত্রী রূপা বেগম (৪০), ভাই মিলন মুন্সী (৫২) ও দুলাল মুন্সীকে (৪০) ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নিলু মুন্সীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। উভয় গ্রুপই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। অপর পক্ষের নুর ইসলাম মুকসুদপুর হাসপাতালে চিকিৎসাধীন।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কাজ করছে। ঘটনাস্থলে পুলিশ, সেনাবাহিনী ও র্যাব সদস্যরা অবস্থান করছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’



