চট্টগ্রাম বিমানবন্দরে আমদানি নিষিদ্ধ সিগারেট ও বিউটি ক্রিম জব্দ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সিগারেট ও আমদানি নিষিদ্ধ বিউটি ক্রিম জব্দ করা হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে বিমানবন্দরের কাস্টমস হলে যৌথ এ অভিযান পরিচালনা করে বিমানবন্দরের এনএসআই, কাস্টমস ইন্টেলিজেন্স এবং কাস্টমস শাখা।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আবুধাবি থেকে আসা ইউএস-বাংলা এয়ারলাইনস-এর ফ্লাইট বিএস-৩৫০ সকাল ৫টা ৫৫ মিনিটে চট্টগ্রামে অবতরণ করে। ফ্লাইটের সন্দেহভাজন তিন যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ৯১০ কার্টন সিগারেট এবং ৪২৮টি আমদানি নিষিদ্ধ বিউটি ক্রিম জব্দ করা হয়। পরে ওই যাত্রীদের সতর্ক করে ছেড়ে দিয়েছে কাস্টমস।
বিমানবন্দর সূত্র জানিয়েছে, উদ্ধারকৃত সিগারেট ও বিউটি ক্রিমের মূল্য ১৮ লাখ ২০ হাজার টাকা। আমদানি নিষিদ্ধ পণ্যের অনুপ্রবেশ রোধ ও সরকারি রাজস্ব ফাঁকি প্রতিরোধে বিমানবন্দর এনএসআই, বিমানবন্দর কাস্টমস, কাস্টমস ইন্টেলিজেন্সসহ সংশ্লিষ্ট সব সংস্থার নজরদারি অব্যাহত থাকবে।



