Uncategorized

নদী ভাঙন, জলবায়ু পরিবর্তন ও তাপপ্রবাহ নিয়ে কার্যকর উদ্যোগের আহ্বান 

দেশে নদী ভাঙন, জলবায়ু পরিবর্তন ও ক্রমবর্ধমান তাপপ্রবাহজনিত দুর্যোগ মোকাবিলায় সমন্বিত এবং দীর্ঘমেয়াদি কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন পরিবেশকর্মীরা। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীতে আয়োজিত আলোচনা সভায় বক্তারা পরিবেশ রক্ষায় সরকারের পাশাপাশি সাধারণ নাগরিকদেরও সোচ্চার হওয়ার দাবি জানান।

‘বৈশ্বিক উষ্ণতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই’ শীর্ষক এক্স-ক্লাইমেট ইন্টারন্যাশনাল অভিযানের অংশ হিসেবে এই কর্মসূচির আয়োজন করে নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষা আমরা (ধরা) এবং বাংলা মোটরসাইক্লিং অ্যান্ড ট্রেকিং ক্লাব (বিএমটিসি)।

সভায় বক্তারা বলেন, “জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশে নদী ভাঙন ও তাপপ্রবাহের তীব্রতা বাড়ছে। এতে নদী তীরবর্তী মানুষের জীবন-জীবিকা হুমকির মুখে পড়ছে এবং জনস্বাস্থ্যের ওপরও নেতিবাচক প্রভাব পড়ছে।” তারা নদী দখল, দূষণ ও অপরিকল্পিত উন্নয়ন কার্যক্রম বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

ধরা’র সভাপতি এম. এন. শিকদার বলেন, “নদী ও পরিবেশ রক্ষায় কেবল সরকারের ওপর নির্ভর করলে হবে না, নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা নিতে হবে।” তিনি নদী দখল ও দূষণের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। 

সংগঠনের সদস্য সচিব শাহরিয়ার শফি বলেন, “জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা, গবেষণা ও বাস্তবভিত্তিক পদক্ষেপ প্রয়োজন।” তিনি তাপপ্রবাহ মোকাবিলায় নগরাঞ্চলে সবুজায়ন বৃদ্ধি, জলাধার সংরক্ষণ এবং পরিবেশবান্ধব উন্নয়ন নীতির ওপর গুরুত্বারোপ করেন। 

বক্তারা বলেন, ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে। তারা নদী রক্ষা, বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতা কার্যক্রম জোরদারের আহ্বান জানান। 




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button