বায়ুদূষণে ঢাকা আজ বিশ্বে চতুর্থ

বিশ্বের ১২৪টি নগরীর মধ্যে আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে বায়ুদূষণে চতুর্থ অবস্থানে আছে রাজধানী ঢাকা। আজ সকাল ৯টার দিকে আইকিউএয়ারের মানসূচকে ঢাকার গড় বায়ুমান ২১৭। এ মানকে ‘খুব অস্বাস্থ্যকর’ বিবেচনা করা হয়।
দূষিত বাতাসের শহরের তালিকায় ২৫০ স্কোর নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে ভারতের রাজধানী দিল্লি। ২২৭ স্কোর নিয়ে তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে মিয়ানমারের ইয়াঙ্গুন। তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। এ শহরটির বায়ুর মান ২২৩। তালিকায় এরপরে যথাক্রমে রয়েছে আরব আমিরাতের দুবাই, নেপালের কাঠমুণ্ডু, পাকিস্তানের করাচি ও বাহারাইনের মানামা শহর।
একই সময়ে বিশ্বের সবচেয়ে নির্মল বায়ুর শহর ছিল ডেনমার্কের কোপেনহাগেন। শহরটির বায়ুর স্কোর ছিল মাত্র ১১। তালিকায় এরপরেই রয়েছে যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ড, কানাডার টরেন্টো, নিউজিল্যান্ডের অকল্যান্ড ও নরওয়ের অসলো।
এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, বায়ুর মান শূন্য থেকে ৫০ এর মধ্যে হলে তা ভালো, ৫১ থেকে ১০০ এর মধ্যে হলে মধ্যম মানের, ১০১ থেকে ১৫০ হলে সতর্কতামূলক, ১৫১ থেকে ২০০ হলে অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১ এর বেশি হলে চরম অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।
এয়ার কোয়ালিটি ইনডেক্সের তথ্য মতে, সারা বিশ্বে প্রতিবছর বায়ুদূষণ সংক্রান্ত সমস্যায় ৭০ লাখ মানুষ প্রাণ হারান।



