স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত ছয় সিটি প্রশাসকের সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ছয় সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসকরা। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী নবনিযুক্ত প্রশাসকদের স্বাগত জানান এবং দায়িত্ব পালনে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। এ সময় প্রশাসকরা নিজ নিজ সিটির উন্নয়ন কার্যক্রমে মন্ত্রণালয়ের সর্বাত্মক সহযোগিতা চান। তারা নাগরিক সেবার মান উন্নয়ন ও সুশাসন নিশ্চিতের প্রত্যয় ব্যক্ত করেন।
এর আগে গত ২২ ফেব্রুয়ারি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখা থেকে ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী ছয় সিটি করপোরেশনে যাদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তারা হলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মো. আব্দুস সালাম; ঢাকা উত্তর সিটি করপোরেশনে মো. শফিকুল ইসলাম খান; খুলনা সিটি করপোরেশনে নজরুল ইসলাম মঞ্জু; সিলেট সিটি করপোরেশনে আব্দুল কাইয়ুম চৌধুরী; নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মো. সাখাওয়াত হোসেন খান ও গাজীপুর সিটি করপোরেশনে মো. শওকত হোসেন সরকার।



