জবির ‘ই’ ইউনিটে কোটায় আবেদনকারীদের সাক্ষাতের তারিখ ঘোষণা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) চারুকলা অনুষদের (ই ইউনিট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া কোটায় আবেদনকারী শিক্ষার্থীদের সাক্ষাৎকারের নোটিশ প্রকাশ করা হয়েছে। আগামী ২ মার্চ বিশ্ববিদ্যালয়ের সাজিদ ভবনের চারুকলা অনুষদের ডিন অফিসে সাক্ষাৎকার নেওয়া হবে।
মঙ্গলবার ( ২৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. বজলুর রশিদ খান স্বাক্ষরিত নোটিশে এ তথ্য জানানো হয়।
নোটিশে বলা হয়, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ইউনিট ই (চারুকলা অনুষদ)-এর ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে যে সকল শিক্ষার্থী বিভিন্ন কোটায় ভর্তির জন্য আবেদন করেছে, কোটার সকল প্রমাণাদিসহ সাক্ষাৎকারের জন্য নিম্নবর্ণিত স্থানে উপস্থিত হওয়ার জন্য জানানো হলো।
নোটিশে আরও বলা হয়, আগামী ২ মার্চ বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবনের সপ্তম তলায় চারুকলা অনুষদের ডিন অফিসে সাক্ষাৎকার নেওয়া হবে। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত মুক্তিযোদ্ধার সন্তান, দলিত ও হরিজন, প্রতিবন্ধী খেলোয়াড়, পোষ্য এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটায় আবেদনকারী শিক্ষার্থীদের সাক্ষাৎ নেওয়া হবে।



