বরিশালে আইনজীবীদের আদালত বর্জন, বিক্ষোভ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতৃবৃন্দের জামিন মঞ্জুর করায় বরিশাল চিফ মেট্রোপলিটন আদালত ও অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতের কার্যক্রম বর্জন করেছে জেলা আইনজীবী সমিতি। যার ফলে দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ বিচার প্রার্থীরা।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল থেকে এই বর্জন কর্মসূচি পালন করেন আইনজীবীরা। তারা সিএমএম কোর্টের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।
বরিশাল জেলা জজ আদালতের সহকারী সরকারি কৌঁসুলি হাফিজ আহমেদ বাবলু জানান, যেখানে বিস্ফোরক মামলায় মানুষজনকে জেলা জজ আদালত থেকে জামিন নিতে হচ্ছে, সেখানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতৃবৃন্দকে নিম্ন আদালত থেকেই জামিন দেওয়া হচ্ছে। গতকাল মঙ্গলবার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুস আদালতে আসেন এবং জামিন পেয়ে চলে যান। তাই অবিলম্বে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতের বিচারকের অপসারণ দাবি করেন তারা।
এদিকে আইনজীবীরা আদালত বর্জন করায় দুর্ভোগের শিকার হচ্ছেন দূর-দূরান্ত থেকে আসা বিচার প্রার্থীরা।
এ সময় আরও উপস্থিত ছিলেন- চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট পিপি মোস্তাফিজুর রহমান বাবু, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের এপিপি সাইদ মোর্শেদ মামুন, অতিরিক্ত পিপি আবুল কালাম আজাদ ইমন, অতিরিক্ত পিপি নুরুল হক দুলালসহ বিএনপিপন্থি আইনজীবীরা।
বিএনপি কার্যালয় সংলগ্ন এলাকায় এক যুবককে হত্যার উদ্দেশে তাকে কুপিয়ে জখম করা হয়। ৫ ই আগস্ট পরবর্তী মামলায় আইনজীবী তালুকদার মো. ইউনুসকে আসামি করা হলে তিনি আত্মগোপনে চলে যান। গতকাল প্রথমবারের মতো জনসম্মুখে আসেন তালুকদার মো. ইউনুস।



