শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচন হতে পারে ৯ এপ্রিল

আগামী ৯ এপ্রিল শেরপুর-৩ আসনের নির্বাচন ও বগুড়া-৬ আসনের উপনির্বাচন হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। এরই প্রেক্ষিতে আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ঘোষণা হতে পারে তফসিলও।
এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বাংলা ট্রিবিউনকে বলেন, “আমি যতটুকু জানি আজকে তফসিল ঘোষণা করার কথা রয়েছে। আমাদের সচিব সাহেব এটা ঘোষণা করতে পারেন।”
নির্বাচনের তারিখের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “এর মধ্যেই হয়ে যেতে পারে।” উপনির্বাচনের ক্ষেত্রে কতদিন আগে তফসিল ঘোষণার করা হয় জানতে চাইলে তিনি বলেন, “এ ক্ষেত্রে আইনে বলা আছে ১৫ দিনের কথা।”
এর আগে গত ২২ ফেব্রুয়ারি আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছিলেন, এই দুই আসনের নির্বাচন ১৪ এপ্রিল অর্থাৎ পহেলা বৈশাখের আগেই হতে পারে। এ জন্য ব্যবস্থা করা হচ্ছে বলে জানান তিনি।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি ২৯৯ টি আসনে নির্বাচন হয়েছিল। নির্বাচনের আগে শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা যাওয়ায় নির্বাচন স্থগিত করা হয়। ওই সময় ইসি থেকে জানানো হয়, আসনটির নির্বাচনের জন্য নতুন তফসিল ঘোষণা করা হবে।
অন্যদিকে, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন। এর মধ্যে তিনি বগুড়া-৬ আসনের ছেড়ে দিয়ে ঢাকা-১৭ আসনের শপথ নিয়েছেন। এরপর আসনটি শূণ্য ঘোষণা করে ইসি। সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদের কোনও আসন শূন্য ঘোষণা হলে তার ৯০ দিনের মধ্যে উপনির্বাচন করতে হয়।



