Uncategorized

অটোচালককে অপহরণ করে মুক্তিপণ আদায়, গ্রেফতার ৩

গাজীপুরের শ্রীপুরে আতাউর রহমান (৩২) নামে ব্যাটারিচালিত এক অটোরিকশার চালককে অপহরণ করে মারধর ও মুক্তিপণ আদায়ের ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বিষয়টি জানিয়েছেন। 

এর আগে ভুক্তভোগী অটোচালকের শ্যালক রেজাউল করিম বাদী হয়ে সোমবার রাত সাড়ে ১২টার দিকে পাঁচ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত চার জনকে আসামি করে শ্রীপুর থানায় মামলা করেন। পরে রাতেই মামলার দুই আসামি এবং মঙ্গলবার সকালে আরেকজনকে গ্রেফতার করে পুলিশ।

মামলার আসামিরা হলো- বগুড়ার ধুনট উপজেলার আড়িয়া মোহন গ্রামের রোকন তালুকদারের ছেলে আসাদুল ইসলাম (৪৬), এনামুল হক (৪০), মনির উদ্দিনের মেয়ে রহিমা খাতুন (৪২), শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা এলাকার মৃত মাইন উদ্দিনের ছেলে আদাম ব্যাপারী বাবু (৩২) ও জয়নাল উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন (৪০)। তারা শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা এলাকায় ভাড়া বাসায় বসবাস করে। তাদের মধ্যে আসাদুল ইসলাম, এনামুল হক এবং আদাম ব্যাপারী বাবুকে গ্রেফতার করেছে পুলিশ।

ভুক্তভোগী অটোরিকশাচালক আতাউর রহমান কুড়িগ্রামের উলিপুর উপজেলার কাসেমের ছেলে। তিনি শ্রীপুর পৌরসভা বেড়াইদেরচালা এলাকায় ভাড়া বাসায় থেকে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। 

মামলার তদন্ত কর্মকর্তা শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) লাল চান বলেন, ‌‘রবিবার রাত সাড়ে ৯টার দিকে আসাদুল ইসলাম এবং এনামুল হকসহ তাদের চার সহযোগী আতাউর রহমানকে বাসার সামনে থেকে অপহরণ করে। তাকে আসাদুল ইসলামের দোকানের ভেতরে নিয়ে শাটার বন্ধ করে দেয় তারা। একপর্যায়ে আদাম ব্যাপারী বাবু এবং আনোয়ার হোসেন অটোচালককে মারধর করে ছয় লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ভুক্তভোগীর সঙ্গে থাকা ৩৭ হাজার টাকা এবং তার মোবাইলের বিকাশে থাকা আট হাজার টাকা নিয়ে নেয়। মুক্তিপণের বাকি টাকা না দেওয়ায় আসাদুল ইসলামের ভাড়া বাসার একটি কক্ষে আটকে রাখে। সোমবার মারধরের পর আসামিরা তাদের মোবাইল নম্বর থেকে অটোচালকের স্ত্রী সাজেদা বেগমের এবং শ্যালকের মোবাইলে কল দিয়ে ছয় লাখ টাকা মুক্তিপণ দাবি করে। স্বজনরা বিষয়টি ৯৯৯ নম্বরে কল করে জানান। খবর পেয়ে পুলিশ ভুক্তভোগীকে উদ্ধার করে। এ সময় এনামুল হক এবং আদাম ব্যাপারীকে গ্রেফতার করা হয়। অপর আসামি আসাদুল ইসলামকে মঙ্গলবার সকালে গ্রেফতার করা হয়।’

তিনি আরও বলেন, ‘গ্রেফতার এনামুল হক এবং আদাম ব্যাপারী বাবুকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। অপর আসামি আসাদুল এবং আতাউর রহমানের জবানবন্দি গ্রহণের জন্য বুধবার আদালতে পাঠানো হবে।’

 




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button