‘সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট না নেওয়ার সিদ্ধান্ত ইতিবাচক’

সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট না নেওয়ার সিদ্ধান্তকে ইতিবাচক উদাহরণ হিসেবে উল্লেখ করেছে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদ।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদ আয়োজিত ‘নতুন সরকারের কাছে প্রত্যাশা ও ১০০ দিনের অগ্রাধিকার’ শীর্ষক মতবিনিময় সভায় একথা বলেন বক্তারা।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, “জনগণ এক ঐতিহাসিক দায়িত্ব অর্পণ করেছে। প্রজ্ঞা, দূরদর্শিতা ও দক্ষতার পরিচয় দিতে পারলে তারেক রহমান দেশের গণতান্ত্রিক উত্তরণের নেতৃত্ব দিতে পারবেন। সংসদ সদস্যপদকে অলাভজনক করা দরকার।”
বক্তারা বলেন, “১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে দেশের গণতান্ত্রিক উত্তরণের যে সম্ভাবনা তৈরি হয়েছে, তাকে অবশ্যই কাজে লাগাতে হবে। জনপ্রত্যাশা অনুযায়ী মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত, আইনের শাসন প্রতিষ্ঠা, দ্রুত বিনিয়োগ ও কর্সংস্থানের ব্যবস্থা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিতে হবে।”
গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের আহ্বায়ক শেখ আবদুর নূরের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, গণফোরামের সভাপতি সুব্রত চৌধুরী, বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক মনজুরুল ইসলাম প্রমুখ।
মতবিনিময় সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, “সময় তারেক রহমানকে প্রগতিশীল, বহুত্ববাদী ও অসাম্প্রদায়িক বাংলাদেশের নেতৃত্ব প্রদানের দায়িত্ব অর্পণ করেছে। প্রজ্ঞা, দূরদর্শিতা ও দক্ষতা নিয়ে চলতে পারলে তিনি ইতিহাসে দাগ রেখে যেতে পারবেন।”
তিনি দেশের স্বার্থ ও নিরাপত্তাবিরোধী সব চুক্তি জনসম্মুখে প্রকাশ ও অসম চুক্তিসমূহ বাতিলের উদ্যোগ নিতেও সরকারের প্রতি আহ্বান জানান।
গণফোরাম সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী পুরনো তিক্ত অভিজ্ঞতা থেকে দল ও সরকারকে পৃথক রাখার কথা বলেন। তিনি রাষ্ট্র ও সমাজ জীবনে শৃঙ্খলা ফিরিয়ে আনার আহ্বান জানান।
বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম সাধারণ মানুষের ক্রয় সীমার মধ্যে রাখার আহ্বান জানান।
সিনিয়র সাংবাদিক ও কবি সোহরাব হাসান বলেন, “১২ ফেব্রুয়ারির নির্বাচন টাকার খেলা, পেশিশক্তি ও ধর্মের ব্যবহার রোধ করতে পারেনি। অধিকাংশ ভালো মানুষেরাই নির্বাচনে জিততে পারেননি।” তিনি বলেন, “দেশে ডানপন্থার উত্থান ঘটেছে। নির্বাচন তা আর এক ধাপ এগিয়ে দিয়েছে। কিন্তু গণতন্ত্রই এ দেশের ভবিষ্যৎ।”
বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক মনজুরুল ইসলাম বলেন, “এদেশে সরকারে গেলে গণতন্ত্রের কথা ভুলে যাওয়া হয়। এদেশে বিরোধী দলই গণতন্ত্রের সৌন্দর্য বাঁচিয়ে রাখে।”
তিনি বলেন, “নেতাকর্মীদের কারণে সরকার প্রধানের ইমেজ যাতে ক্ষুণ্ণ না হয় তা নিশ্চিত করতে হবে।”
সভার সভাপতি গগণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের আহ্বায়ক শেখ আবদুর নূর বলেন, “সংসদ সদস্যপদকে অলাভজনক করতে হবে।” সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট না নেওয়ার সিদ্ধান্তকে তিনি স্বাগত জানান।
মতবিনিময় সভা পরিচালনা করেন সংগঠনের সদস্যসচিব বাবর চৌধুরী।



