Uncategorized

নৌ, সড়ক ও রেলপথ মন্ত্রীর সঙ্গে জাইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ 

নৌপরিবহন, সড়ক ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা)-এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

জাইকার বাংলাদেশ অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ মি. ইচিগুচি তোমোহিদের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল বৈঠকে অংশগ্রহণ করেন। 

বৈঠকে জাইকার অর্থায়নে বাংলাদেশের পরিবহন খাতে বাস্তবায়িত ও চলমান বিভিন্ন মেগা প্রকল্পের সার্বিক কার্যক্রম ও অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর উন্নয়ন প্রকল্প, মেট্রোরেল (ডিএমটিসিএল), চট্টগ্রাম-কক্সবাজার উন্নয়ন প্রকল্প, কাঁচপুর ২য় সেতু, মেঘনা ২য় সেতু, গোমতী ২য় সেতু এবং যমুনা রেল সেতু নির্মাণ প্রকল্পের বর্তমান অবস্থা মন্ত্রীকে অবহিত করা হয়। 

নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, “এসব অবকাঠামো প্রকল্প দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, আঞ্চলিক সংযোগ বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তিনি প্রকল্পসমূহ নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন। বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে জাইকার অনবদ্য ভূমিকার জন্য তিনি জাপান সরকারের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

জাইকার প্রতিনিধিদল নবনিযুক্ত মন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আশাবাদ ব্যক্ত করেন যে, তার নেতৃত্বে বাংলাদেশের পরিবহন খাতে যুগান্তকারী পরিবর্তন সাধিত হবে। তারা প্রকল্প বাস্তবায়নে জাপান সরকারের অব্যাহত সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। 

বৈঠকে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button