বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে ৯ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরে পাহাড় কাটায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে (বিপিসি) নয় লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতরের চট্টগ্রাম কার্যালয়। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে পরিবেশ অধিদফতর কার্যালয়ে পাহাড় কাটার ওপর শুনানি শেষে এ জরিমানা করা হয়। সেইসঙ্গে সংশ্লিষ্ট কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। এর আগে সোমবার অধিদফতরের টিম পরিদর্শন করে পাহাড় কাটার প্রমাণ পায়।
বিষয়টি নিশ্চিত করে পরিবেশ অধিদফতরের নগর কার্যালয়ের পরিচালক সোনিয়া সুলতানা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নগরের কোতোয়ালি থানার জামালখান জয় পাহাড় আবাসিক এলাকায় নিয়মবহির্ভূতভাবে পাহাড় কাটা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন ও শুনানি শেষে মঙ্গলবার দুপুরে বিপিসিকে নয় লাখ ৬০ হাজার টাকা ক্ষতিপূরণ হিসেবে জরিমানা করা হয়। এ ছাড়া কর্তনকৃত স্থান পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা এবং ভবিষ্যতে অনুমোদন ব্যতীত কোনও ধরনের দৃশ্যমান পাহাড় বা টিলা কাটা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়।’
পরিবেশ অধিদফতরের শুনানিতে বিপিসির উপমহাব্যবস্থাপক এস এম জুবায়ের হাসান ও নিম্নমান সহকারী মো. শিহাব উদ্দিন উপস্থিত ছিলেন। শুনানিতে জুবায়ের হাসান দাবি করেন, সুরক্ষা দেয়াল নির্মাণের জন্য কিছু মাটি কাটা হয়েছিল। পাহাড় কাটা হয়নি। জরিমানার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।
পরিদর্শন টিমের প্রতিবেদনে বলা হয়েছে, কোতোয়ালি থানার জয় পাহাড়ের মাটি কাটা হয়েছে। যে পরিমাণ জমি কাটা হয়েছে এর দৈর্ঘ্য ১৫০ ফুট, প্রস্থ ৮ ফুট ও উচ্চতা ৮ ফুট। মোট ৯ হাজার ৬০০ ঘনফুট মাটি অপসারণের প্রমাণ পাওয়া গেছে। পরিবেশ সংরক্ষণ আইন (সংশোধিত ২০১০) অনুযায়ী, প্রতি ঘন ফুট ১০০ টাকা হারে ক্ষতিপূরণ নয় লাখ ৬০ হাজার টাকা জরিমানা ধার্য করা হয়।



