দেড় বছর পর ঢাকা-আগরতলা-কলকাতা বাস সার্ভিস চালু

দেড় বছরের বেশি সময় বন্ধ থাকার পর আবার চালু হয়েছে ঢাকা-আগরতলা-কলকাতা সরাসরি আন্তর্জাতিক বাস পরিষেবা। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে পরীক্ষামূলকভাবে আগরতলার কৃষ্ণনগর বাস ডিপো থেকে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় একটি বাস। আপাতত দুই দিন পরীক্ষামূলকভাবে যাত্রা চলবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। পরে পরিস্থিতি স্থিতিশীল হলে এই যাত্রা স্বাভাবিক হবে।
দুপুরে যাত্রীদের স্বাগত জানাতে আখাউড়া সীমান্তের ভারত প্রান্তে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য সরকারের পরিবহনমন্ত্রী সুশান্ত চৌধুরী, টিআরটিসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সমর রায় ও এমডি হেমন্ত দেববর্মা প্রমুখ।
বিষয়টি নিশ্চিত করে আখাউড়া ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ আব্দুস সাত্তার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে ত্রিপুরা রোড ট্রান্সপোর্ট করপোরেশনের যাত্রীবাহী একটি বাস ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন তিন জন যাত্রী ও তিন জন স্টাফ নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।’
২০২৪ সালের ৫ আগস্টের পর দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা ও ভিসা জটিলতার কারণে এ বাস সার্ভিস বন্ধ থাকে। দেড় বছরের বেশি সময় পর মৈত্রী ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দুই দেশের পরীক্ষামূলক বাস যাত্রা শুরু করে।
২০২৪ সালের ৫ আগস্টের পর বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতা ও ভিসা জটিলতার কারণ দেখিয়ে এই বাস সার্ভিস বন্ধ রাখা হয়। দেড় বছরের বেশি সময় পর দুই দেশের মধ্যে বাস যাত্রা শুরু হলো।
ত্রিপুরার পরিবহনমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, ‘মৈত্রী ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই ভারত ও বাংলাদেশের সম্পর্ক আরও মজবুত হয় এবং উন্নয়নের পথ প্রশস্ত হয়। এই বাস পরিষেবা শুধুমাত্র যাতায়াতের মাধ্যম নয় বরং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ, সংস্কৃতি ও বাণিজ্যিক সম্পর্কের এক গুরুত্বপূর্ণ সেতুবন্ধন। যা শান্তি ও স্থিতিশীলতার জন্য অপরিহার্য। এই পরিষেবা পুনরায় চালু হওয়ার ফলে দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ, পর্যটন ও ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়বে। ভবিষ্যতে এই সম্পর্ক আরও দৃঢ় হবে এবং শান্তি ও সমৃদ্ধির পথ সুগম হবে।’
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল হোসেন চপ্পল বলেন, ‘নতুন সরকার আসার পর এই বাস সার্ভিসটি চালুর মধ্য দিয়ে প্রতিবেশী দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে। বাস সার্ভিস চালু হওয়ায় আমরা জেলা বিএনপির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি।’



