Uncategorized

সৌদি আরব যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও উপদেষ্টা হুমায়ুন কবির

ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) এক জরুরি বৈঠকে অংশ নিতে সৌদি আরব যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে তাদের সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা আছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। মন্ত্রণালয়ের আরও দুইজন কর্মকর্তা তাদের সঙ্গে যাচ্ছেন। মন্ত্রী হিসেবে খলিলুর রহমানের এটি প্রথম সফর।  

মন্ত্রণালয় সূত্রে জানা যায়, আগামী বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি জেদ্দায় অনুষ্ঠেয় মন্ত্রী পর্যায়ের ওই বৈঠকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের আগ্রাসনের বিষয়ে আলোচনা হবে। ওই বৈঠকে অংশ নেবেন তারা।  

কূটনৈতিক সূত্রে জানা গেছে, ওআইসির জরুরি অধিবেশনে যোগ দেওয়ার ফাঁকে পররাষ্ট্রমন্ত্রী সংস্থার সদস্য একাধিক দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে পারেন। সৌদি সফর শেষে আগামী শনিবার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের দেশে ফেরার কথা রয়েছে। 

পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ভূমি অবৈধভাবে দখলের পর ইসরায়েল সরকার সেখানে নতুন করে ইহুদি বসতি স্থাপনের ঘোষণা দিয়েছে। বসতি স্থাপনের পাশাপাশি এই এলাকাকে ইসরায়েলের সার্বভৌম এলাকা হিসেবে ঘোষণা করা হবে। ইসরায়েলের ওই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ওআইসির এই জরুরি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। ইসরায়েলি অবৈধ দখলদারত্বের অবসান কীভাবে ঘটানো যায়, তা নিয়ে বিস্তারিত আলোচনা হবে এই বৈঠকে। ওআইসি মনে করছে, ইসরায়েলের ওই অবৈধ সিদ্ধান্তের ফলে ফিলিস্তিনি ভূখণ্ডের আইনি, রাজনৈতিক ও জনসংখ্যাগত অবস্থার নেতিবাচক পরিবর্তন আসবে, যা ফিলিস্তিন সমস্যার দ্বিরাষ্ট্রীয় সমাধানের পরিকল্পনাকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করবে। 




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button