ক্রীড়া ফেডারেশনগুলোর জন্য ব্যাংকগুলোর সহযোগিতা চাইলেন প্রতিমন্ত্রী

দেশের ক্রীড়া উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং ফেডারেশনগুলোর আর্থিক সংকট নিরসনে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের সহযোগিতা চেয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
মূলত অর্থের অভাবে দেশের কোনও খেলা যেন প্রতিকূলতার মুখোমুখি না হয়, সেই লক্ষ্যেই ফেডারেশনগুলোর জন্য স্থায়ী আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে এই উদ্যোগ নেন প্রতিমন্ত্রী।
সভায় দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তাদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে সরকারের পাশাপাশি বেসরকারি খাতের অংশগ্রহণ অপরিহার্য। যেসব ফেডারেশন মাঠের পারফরম্যান্সে ভালো করছে এবং দেশের জন্য গৌরব বয়ে আনছে, তাদের পৃষ্ঠপোষকতার ক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে।
তিনি আশা প্রকাশ করেন, ব্যাংকগুলোর সামাজিক দায়বদ্ধতা খাতের সহযোগিতা পেলে দেশের ক্রীড়া ফেডারেশনগুলো আরও পেশাদারত্বের সঙ্গে কার্যক্রম পরিচালনা করতে পারবে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, সঠিক পৃষ্ঠপোষকতা পেলে বাংলাদেশের ক্রীড়াবিদরা আন্তর্জাতিক অঙ্গনে আরও বড় সাফল্য অর্জন করতে সক্ষম। সভায় উপস্থিত ব্যাংক প্রতিনিধিরা প্রতিমন্ত্রীর এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং ক্রীড়া উন্নয়নে পাশে থাকার আশ্বাস দেন।



