ক্ষেপণাস্ত্র নিয়ে ট্রাম্পের দাবিকে মিথ্যা বলে প্রত্যাখ্যান ইরানের

ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা দাবিকে ‘ডাহা মিথ্যা’ বলে প্রত্যাখ্যান করেছে তেহরান। ট্রাম্পের দাবি ছিল, ইরান এমন ক্ষেপণাস্ত্র তৈরি করছে যা সরাসরি যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম।
বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এই প্রতিক্রিয়া জানান।
ইসমাইল বাঘাই বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং জানুয়ারির বিক্ষোভে হতাহতের সংখ্যা নিয়ে তারা যা বলছে, তা কেবল ‘ডাহা মিথ্যা’র পুনরাবৃত্তি।
মুখপাত্র বাঘাই সুনির্দিষ্টভাবে কোনও দাবির কথা উল্লেখ না করলেও তার এই মন্তব্যটি ট্রাম্পের বক্তব্যের কয়েক ঘণ্টা পরে করা হরো। এর আগে ট্রাম্প দাবি করেছিলেন, ইরান এমন ক্ষেপণাস্ত্র খুঁজছে যা মার্কিন মূল ভূখণ্ডে পৌঁছাতে পারে।
তবে চলতি মাসে আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি স্পষ্ট করে বলেছিলেন যে, যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে লক্ষ্যভেদ করার সক্ষমতা তেহরানের নেই। তবে ওয়াশিংটন যদি কোনও হামলা চালায়, তবে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা আঘাত হানবে ইরান।
স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে ট্রাম্প পুনরায় হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না। তিনি অভিযোগ করেন, তেহরানের নেতারা এই মুহূর্তে আবারও তাদের ভয়ংকর পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা নিয়ে কাজ করছেন।
ইরান বরাবরই পারমাণবিক অস্ত্র তৈরির বিষয়টি অস্বীকার করে আসছে। তাদের দাবি, শান্তিপূর্ণ প্রয়োজনে পারমাণবিক প্রযুক্তি ব্যবহারের অধিকার তাদের রয়েছে।
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড



