মাশরাফি-সাকিবের ‘ফেরা’ প্রসঙ্গে যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

দেশের ক্রিকেটের অন্যতম দুই বড় তারকা মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসান বর্তমানে নিভৃতে সময় কাটাচ্ছেন। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে কার্যত দেশের ক্রিকেটে অবাঞ্চিত হয়ে পড়েছিলেন সাবেক এই দুই অধিনায়ক। এই দুই ক্রিকেটারের নতুন করে মাঠে ফেরার সম্ভাবনা নিয়ে কথা বলেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এ বিষয়ে সরকারের নমনীয় অবস্থানের ইঙ্গিত দিয়েছেন সাবেক এই তারকা ফুটবলার।
২০২৪ সালের আগস্ট-সেপ্টেম্বরে জাতীয় দলের হয়ে পাকিস্তানের মাটিতে খেলেছেন সাকিব আল হাসান। এরপর আর লাল-সবুজের জার্সিতে দেখা যায়নি তাকে। মামলা থাকার কারণে দেশেও আসেননি তিনি।
অন্যদিকে, ২০২৪ সালের আগস্টের পর থেকে জনসম্মুখে দেখা যায়নি মাশরাফি বিন মুর্তজাকেও।
এই দুই ক্রিকেটারের ভবিষ্যৎ নিয়ে বুধবার (২৫ ফেব্রুয়ারি) মিরপুরে এক ইফতার অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
তিনি বলেন, “আমিও একজন খেলোয়াড় ছিলাম। সাকিব এবং মাশরাফি বাংলাদেশের কিংবদন্তি ক্রিকেটার। তাদের প্রতি দেশের মানুষের যে ভালোবাসা এবং খেলার প্রতি তাদের যে আকর্ষণ রয়েছে, সেটি আমরা সবাই জানি। তবে তাদের বিরুদ্ধে যে মামলা রয়েছে, সেটি রাষ্ট্রীয় বিষয়। রাষ্ট্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তাদের আইনজীবীদের মাধ্যমে আইনগত প্রক্রিয়া মোকাবেলা করতে হবে।”
তিনি আরও বলেন, “তারা যদি নিরপরাধ প্রমাণিত হয়ে দেশে এসে খেলতে চান, তাহলে একজন ক্রীড়াবিদ হিসেবে আমি তাদের স্বাগত জানাবো। তারা যদি আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে এবং নির্দোষ প্রমাণিত হন, তাহলে মাঠে ফেরার ক্ষেত্রে আমরা শতভাগ নমনীয় থাকবো, ইনশাআল্লাহ।”



