বিরিয়ানিতে কাপড়ের রং ও কেমিক্যাল, ‘কাচ্চি সুলতানকে’ ১ লাখ জরিমানা

ফরিদপুরে বিরিয়ানিতে কাপড়ের রং ও ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করায় ‘কাচ্চি সুলতানকে’ এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে শহরের ডায়বেটিক হাসপাতাল মোড় সংলগ্ন ঝিলটুলি এলাকায় এ অভিযান চালান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তন্ময় ইসলাম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তন্ময় ইসলাম বলেন, ‘অভিযানে কাচ্চি সুলতান বিরিয়ানির দোকানে খাবারে কাপড়ের রং ও ক্ষতিকর কেমিক্যাল, লেবেলবিহীন ঘি প্রয়োগ এবং অস্বাস্থ্যকর পরিবেশে মাংস ও অন্যান্য খাদ্যদ্রব্য সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। পরে নিরাপদ খাদ্য আইনে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।’
অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত তাবাসসুম ও দীপ্ত চক্রবর্তী, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ফরিদপুর জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আজমুল ফুয়াদ রিয়াদ এবং সিভিল সার্জন কার্যালয়ের স্যানিটারি ইন্সপেক্টর বজলুর রশীদ খান উপস্থিত ছিলেন।
একই অভিযানে বিভিন্ন অনিয়মের অভিযোগে আরও চারটি মুদি দোকানকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কোনও ধরনের ছাড় দেওয়া হবে না বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট তন্ময় ইসলাম।



