Uncategorized

রংপুরের সাবেক মেয়রসহ ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা

মেঘনা ব্যাংক থেকে চার কোটি টাকা আত্মসাতের অভিযোগে রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমানসহ আট জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার দুপুরে রংপুরের সিনিয়র স্পেশাল জেলা জজ আদালতে মামলাটি করেন রংপুর সমন্বিত জেলা দুর্নীতি দমন কার্যালয়ের উপপরিচালক শাওন মিয়া।

শাওন মিয়া সাংবাদিকদের বলেন, আসামিদের বিরুদ্ধে অভিযোগ, তারা পরস্পর যোগসাজশে মেঘনা ব্যাংকের চার কোটি টাকার বেশি অর্থ আত্মসাৎ করেছেন। তদন্তে তাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা নিশ্চিত হয়ে এ মামলা করা হয়েছে।

রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর মহানগর কমিটির সভাপতি। তিনি ছাড়াও মামলায় অন্য আসামিরা হলেন ঠিকাদারি প্রতিষ্ঠান রাকিব ব্রাদার্সের স্বত্বাধিকারী আবদুর রাকিব, মুক্তি প্রকৌশল সংস্থার মালিক এ টি এম ফুয়াদ হোসেন, রফিকুল ইসলাম, মেঘনা ব্যাংক রংপুর শাখার সাবেক ব্যবস্থাপক মাহফুজুল ইসলাম, সহকারী ব্যবস্থাপক এ কে এম শফিকুল মমতাজ, জ্যেষ্ঠ কর্মকর্তা আতিকুর রহমান ও এভিপি মঞ্জুর হোসেন পাটোয়ারী।

মামলার এজাহারে বলা হয়েছে, সিটি করপোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান দায়িত্বরত থেকে কার্যাদেশ প্রাপ্ত ঠিকাদারের অনুকূলে মেঘনা ব্যাংক বরাবর চেক ইস্যু করা নিশ্চয়তা প্রদান করা সত্ত্বেও আসামিদের সঙ্গে যোগসাজশে তা করেননি। তারা অপরাধমূলক অসদাচরণের মাধ্যমে নিজে লাভবান হয়ে অথবা অন্যকে লাভবান করার উদ্দেশ্যে মেঘনা ব্যাংকের ৪ কোটি ২৬ লাখ ৭৫ হাজার ৫০৩ টাকা পরিশোধ না করে আত্মসাতে সহযোগিতা করেন।

এ বিষয়ে জানতে মোস্তাফিজুর রহমানের মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি।




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button