মিতসুইয়ের কৌশলগত অংশীদার স্বপ্ন

এসিআই লজিস্টিকসের (স্বপ্ন) সঙ্গে কৌশলগত অংশীদার চুক্তি করেছে জাপানের শীর্ষস্থানীয় বাণিজ্যিক ও বিনিয়োগকারী প্রতিষ্ঠান মিতসুই অ্যান্ড কম্পানি (এশিয়া প্যাসিফিক)। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে এসিআই সেন্টারে এই চুক্তি সই হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সব আইনগত অনুমোদন সাপেক্ষে মিতসুইয়ের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান মিতসুই অ্যান্ড কোং (এশিয়া প্যাসিফিক) প্রাইভেট লিমিটেড বৈদেশিক মুদ্রায় নির্ধারিত রূপান্তরযোগ্য ঋণ সুবিধা এসি আই লজিস্টিকসকে দেবে। এই পার্টনারশিপ একটি কাঠামোবদ্ধ রূপান্তরযোগ্য ঋণ সুবিধার মাধ্যমে বাস্তবায়িত হবে।
এসি আই লজিস্টিকস, এসি আই লিমিটেডের একটি সাবসিডিয়ারি প্রতিষ্ঠান; যার অধীনে বাংলাদেশের সর্ববৃহৎ রিটেইল চেইন ‘স্বপ্ন’ পরিচালিত হয়। সারা দেশে স্বপ্নের এখন ৮৩৫টিরও বেশি আউটলেট আছে।
চুক্তি সই অনুষ্ঠানে ছিলেন– এসিআই পিএলসির চেয়ারম্যান এম আনিস উদ্ দৌলা; ব্যবস্থাপনা পরিচালক ড. আরিফ দৌলা; এসিআই লজিস্টিকসের ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির; মিৎসুই অ্যান্ড কো. (এশিয়া প্যাসিফিক) লিমিটেডের কনজিউমার সেন্ট্রিক বিজনেস ডেভেলপমেন্ট ইউনিটের চিফ অপারেটিং অফিসার কজুহাইডে নাকাজো এবং এসিআই ও মিৎসুই উভয় প্রতিষ্ঠানের অন্যান্য উর্ধ্বতন কর্মকমর্তারা।
মিতসুই অ্যান্ড কোম্পানি জাপানের অন্যতম প্রতিষ্ঠিত বহুজাতিক প্রতিষ্ঠানের একটি। এই মাল্টিন্যাশনাল কোম্পানি সারা বিশ্বে ৬০টিরও বেশি দেশে বিনিয়োগের পাশাপাশি গভীর কারিগরি জ্ঞান, বৈশ্বিক সোর্সিং দক্ষতা ও বিস্তৃত শিল্প খাতের অভিজ্ঞতা নিয়ে এসেছে।



