সাত দিনে নৌ পুলিশের অভিযানে আটক ৩০৬ জন

নৌ পুলিশ দেশের বিভিন্ন স্থানে গত সাত দিনব্যাপী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘোষিত অবৈধ জাল, মাছ, মাছের পোনা ও জেলিযুক্ত চিংড়ি উদ্ধার করেছে। অভিযানকালে আটক করা হয়েছে ৩০৬ জনকে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে নৌ পুলিশের এসপি (ট্রেনিং, ক্যারিয়ার প্ল্যানিং অ্যান্ড মিডিয়া) মারুফা ইয়াসমিন বলেন, “দেশের মৎস্য সম্পদ রক্ষা ও নৌ পথে নিরাপত্তা নিশ্চিতকরণে নৌ পুলিশ দেশব্যাপী বিভিন্ন অভিযান চালাচ্ছে।
এরই ধারাবাহিকতায় গত সাত দিনে বিভিন্ন অভিযানে মোট ৫ কোটি ৬৫ লাখ ৯৩ হাজার ১১৫ মিটার অবৈধ জাল, ৩ হাজার ৯৯৩ কেজি মাছ, ৭ হাজার ২০০ রেণু পোনা, ৮০ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়েছে। অভিযানকালে নদী থেকে ৩১০টি ঝোপঝাড় ধ্বংস করা হয়।
অভিযানকালে বৈধ কাগজপত্র না পাওয়ায় ১০৩টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে মামলা এবং ৪টি ড্রেজার জব্দ করা হয়েছে।
এসপি মারুফা ইয়াসমিন বলেন, “সাত দিনব্যাপী এই অভিযানে ৩০৬জনকে আটক করা হয়েছে। ৫৬টি মৎস্য আইন, ২৪টি বেপরোয়া গতি আইন, ৯টি অপমৃত্যু, একটি বালুমহাল, একটি নদী দুষণ এবং একটি চুরিসহ মোট ৯২টি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া ১১ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।”
তিনি জানান, জব্দ অবৈধ জাল ও জেলিযুক্ত চিংড়ি ধ্বংস করা হয়েছে। মাছের পোনা পানিতে অবমুক্ত অবশিষ্ট মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে।



