ট্রাম্পের মামলায় সম্পৃক্ত ১০ জনকে বরখাস্ত করলো এফবিআই

প্রেসিডেন্ট হিসেবে নিজের প্রথম মেয়াদে ‘গোপন নথি’ মামলার মুখে পড়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। বহুল আলোচিত সেই মামলার তদন্তে যুক্ত ১০ জনকে এফবিআই থেকে বরখাস্ত করা হয়েছে। খবর বিবিসির।
বুধবার তাদের বরখাস্ত করা হয় বলে নিশ্চিত করেছে বিবিসির যুক্তরাষ্ট্রের পার্টনার সিবিএস নিউজ। বরখাস্তের ঘোষণা দেওয়ার কিছু সময় বাদেই রয়টার্সকে এফবিআই পরিচালক ক্যাশ প্যাটেল জানান, তদন্ত চলাকালীন ফেডারেল এজেন্টরা
তার ফোন রেকর্ড পর্যালোচনা করেছিলো। ওই সময় তিনি একজন সাধারণ নাগরিক ছিলেন।
বিবিসি বলছে, তদন্তের সময় এজেন্টরা সুসি উইলসেরও ফোন রেকর্ড পর্যালোচনা করেছিলো। বর্তমানে হোয়াইট হাউসের চিফ অব স্টাফের দায়িত্বে থাকা সুসি তখন একজন সাধারণ নাগরিক ছিলেন।
তবে, প্যাটেল বরখাস্ত হওয়া এফবিআই কর্মীদের কোনও অপরাধের প্রমাণ উপস্থাপন করেননি।
২০২১ সালে হোয়াইট হাউস ছাড়ার পর ট্রাম্পের বিরুদ্ধে দুটি ফেডারেল তদন্তের নেতৃত্ব দেন স্পেশাল কাউন্সেল জ্যাক স্মিথ। একটি মামলা ছিলো, ফল পাল্টানোর চেষ্টা নিয়ে। আর অন্যটি গোপন নথি নিয়ে।
ট্রাম্পের বিরুদ্ধে ২০২০ সালের মার্কিন নির্বাচনের ফল পাল্টানোর চেষ্টার অভিযোগ ছিলো। ক্ষমতা ছাড়ার পর তার ফ্লোরিডার মার-এ-লোগো বাড়ি থেকে গোপন নথি পাওয়ারও অভিযোগ ছিলো মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে।
এফবিআইয়ের যেসব কর্মীকে বরখাস্ত করা হয়েছে তারা সবাই গোপন নথি মামলার তদন্তে সম্পৃক্ত ছিলেন।
বিষয়টি নিয়ে এফবিআইয়ের মন্তব্য চেয়েও সাড়া পায়নি বিবিসি।
বর্তমান ও সাবেক এফবিআই কর্মীদের প্রতিনিধিত্ব করা একটি সমর্থনকারী গ্রুপ বরখাস্তের নিন্দা জানিয়েছে। এফবিআই এজেন্টস অ্যাসোসিয়েশন নামে গ্রুপটি এক বিবৃতিতে বলছে, এ পদক্ষেপ এফবিআইকে দুর্বল করে, গুরুত্বপূর্ণ দক্ষতা নষ্ট করে এবং কর্মীবাহিনীকে অস্থিতিশীল করে, নেতৃত্বের ওপর বিশ্বাস ক্ষুণ্ণ করে এবং এফবিআইয়ের নিয়োগ লক্ষ্য পূরণের সক্ষমতাকে হুমকিতে ফেলে। যা দেশের জন্য বড় ঝুঁকি সৃষ্টি করে।
গোপন নথি মামলায় স্মিথের তদন্তের পর ২০২৩ সালে ট্রাম্প ও তার দুই সহযোগীকে অভিযুক্ত করা হয়। যদিও ২০২৪ সালে ফ্লোরিডার একজন বিচারক ট্রাম্পের মামলাটি খারিজ করে দেয়। তখন বিচারক জানিয়েছিলেন, স্মিথকে অবৈধভাবে নিয়োগ দেওয়া হয়েছে।
চলতি বছর জর্জিয়ার একটি ফেডারেল আপিল আদালত ট্রাম্পের বিচার বিভাগের অনুরোধে শেষ দুই অভিযুক্তের বিরুদ্ধে মামলাটি বাতিল করেছে।
২০২৪ সালের নভেম্বরে ফের হোয়াইট হাউসে ফেরেন ট্রাম্প। এরপরই বিচার বিভাগ এবং এফবিআইয়ের সেই কর্মীদের বরখাস্ত করা হলো যারা কিনা তার বিরুদ্ধে ফেডারেল তদন্তে অংশ নিয়েছিলো।



