বিশ্বকাপের মাঝেই বাবা হারালেন রিংকু

টি-টোয়েন্টি বিশ্বকাপের উন্মাদনার ভেতরেই শোকের ছায়া নেমে এসেছে ভারতীয় শিবিরে। মারা গেছেন ব্যাটার রিংকু সিংয়ের বাবা। মৃত্যুসংবাদ পেতেই দল ছেড়ে বাড়ির পথে পা বাড়িয়েছেন তিনি।
জিম্বাবুয়ের বিপক্ষে সুপার এইটের ম্যাচের আগে রিংকু দলে ফিরেছিলেন ঠিকই, কিন্তু চেন্নাইয়ের একাদশে আর নামা হয়নি। মাঠে তখন অন্য লড়াই। ভারত ব্যাট হাতে তাণ্ডব বইয়ে দিয়েছে। ৭২ রানে জিম্বাবুয়েকে উড়িয়ে বাঁচিয়ে রেখেছে সেমিফাইনালের আশা। কিন্তু রিংকুর জন্য ক্রিকেট হঠাৎ থমকে গেছে।
বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, লিভার ক্যান্সারের সঙ্গে লড়াই করতে করতে শুক্রবার সকালে না-ফেরার দেশে পাড়ি জমিয়েছেন রিংকুর বাবা খানচাঁদ সিং। দিল্লির উপকণ্ঠের এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
২৮ বছরের বাঁহাতি এই ব্যাটারকে ক্রিকেট ভক্তরা চেনে ফিনিশার হিসেবে। টি-টোয়েন্টি দলে অভিষেকের আগে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে আস্থার আরেক নাম হয়ে উঠেন তিনি।
খুব সাধারণ পরিবার থেকে উঠে আসা ক্রিকেটার ছিলেন রিংকু। ২০২৩ সালে জাতীয় দলে তার অভিষেকের পর ভাইরাল হয় একটি ভিডিও। সেখানে দেখা যায়, তার বাবা গ্যাস সিলিন্ডার পৌঁছে দিচ্ছেন ঘরে ঘরে। সেই পরিশ্রমী বাবার ঘামই ছিল রিংকুর পথচলার শক্তি।
তার শোকের এই মুহূর্তে ক্রিকেটবিশ্বও পাশে দাঁড়িয়েছে। ভারতের সাবেক স্পিনার হরভজন সিং সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘রিংকু ও তার পরিবারের জন্য এটি নিঃসন্দেহে খুব কঠিন সময়।’



