Uncategorized

টেন্ডার নিয়ে জামায়াত নেতাকে মারধর, বিএনপির ৯ জনের বিরুদ্ধে মামলা

পাবনার চাটমোহর উপজেলায় হাট-বাজার ইজারার টেন্ডার দাখিলকে কেন্দ্র করে উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমানকে পুলিশ ও আনসারের সামনে মারধর করেছেন বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। এ ঘটনায় চাটমোহর উপজেলা কৃষকদলের সদস্য সচিব সাচ্চুসহ ৯ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে ওই নেতাকে মারধর করা হয়। এ দিন ছিল হাট-বাজার ইজারার টেন্ডার শিডিউল দাখিলের শেষ দিন এবং বিকাল ৩টায় টেন্ডার বাক্স খোলার সময় নির্ধারিত ছিল।

জানা যায়, ছাইকোলা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আওরঙ্গজেব ছাইকোলা হাটের টেন্ডার শিডিউল জমা দিতে গেলে সেখানে অবস্থানরত বিএনপি নেতাকর্মীরা তার ওপর চড়াও হন। পুলিশ ও আনসার পরিস্থিতি প্রাথমিকভাবে নিয়ন্ত্রণের চেষ্টা করলেও উত্তেজনা থামেনি।

এরপর ইউএনও কার্যালয় থেকে ব্যক্তিগত কাজ শেষ করে বের হওয়ার সময় মাওলানা হাবিবুর রহমান হাবিবকে পেটায় বিএনপি কর্মীরা। ‘জামায়াতের সেক্রেটারি এখানে কেন?’ বলে চিৎকার করে তাকে ঘিরে ধরে বেধড়ক পেটানো হয়। পুলিশের উপস্থিতি সত্ত্বেও হামলাকারীরা থামেনি। গুরুতর আহত অবস্থায় তিনি দৌড়ে পালিয়ে আত্মরক্ষা করেন। এতে পৌর জামায়াতের সেক্রেটারি সাদ্দাম হোসেনসহ আরও কয়েকজন আহত হয়েছেন।

ঘটনার পর রাতেই চাটমোহর থানায় মামলা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাটমোহর শাখার সভাপতি মাওলানা আব্দুল হামিদ। মামলায় প্রধান আসামি করা হয়েছে চাটমোহর উপজেলা কৃষকদলের সদস্য সচিব সাচ্চুকে। এ ছাড়া বিএনপি ও অঙ্গসংগঠনের আরও ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

প্রধান আসামি সাচ্চুর মোবাইলে করা হলে রিসিভ করে ‘আমি সাচ্চু নই’ বলে সংযোগ কেটে দেন।

চাটমোহর থানার ওসি গোলাম সারওয়ার হোসেন জানান, মারধরের অভিযোগে মামলা রেকর্ড করা হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button