জুলাই হত্যা মামলায় শেখ হাসিনাসহ ২৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

জুলাই আন্দোলনের সময় ঢাকার গুলশানে আবুজর শেখ নামে ২৪ বছরের এক যুবককে গুলি করে হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট। মামলার তদন্ত কর্মকর্তা অ্যান্টি টেরোরিজম ইউনিটের এসআই ইসরাইল হোসেন গত ১৮ ফেব্রুয়ারি এ অভিযোগ পত্র দেন।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার হোসেন অভিযোগপত্র দাখিলের তথ্য জানান। তিনি বলেন, ‘‘শেখ হাসিনাসহ ২২ জন পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে।’’
অভিযোগপত্রের উল্লিখিত আসামিদের মধ্যে রয়েছেন— সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক তথ্য ও সম্প্রচারমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, সাবেক এমপি মির্জা আজম ও সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক।
মামলার বিবরণ থেকে, জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই সন্ধ্যায় গুলশানের প্রগতি সরণির বারিধারা জেনারেল হাসপাতালের সামনে ছাত্র-জনতার মিছিল চলছিল। তখন স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা মিছিলে গুলি চালান। এসময় আবুজর শেখ গুলিবিদ্ধ হলে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেট্রোপলিটন হাসপাতালে নেওয়া হয়। ৮ দিন চিকিৎসা শেষে ২৭ জুলাই মারা যান আবুজর শেখ। এ ঘটনায় ২০২৪ সালের ১৬ নভেম্বর আবুজরের মা ছবি খাতুন বাদী হয়ে গুলশান থানায় হত্যা মামলা করেন।



