নির্বাচনের আগে ও পরে একই সহিংসতা হচ্ছে: গোলাম পরওয়ার

নির্বাচনের আগে ও পরে একই ধরনের সহিংসতার হচ্ছে অভিযোগ তুলে সরকারের কঠোর ও নিরপেক্ষ নির্দেশনার দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেছেন, নির্বাচনের পর আশা ছিল নতুন গঠিত রাজনৈতিক এই সরকার সহিংসতা বন্ধে কাজ করবে। কিন্তু নির্বাচনের আগেও যেভাবে সহিংসতা হয়েছে জামায়াতের সঙ্গে ঠিক একইভাবে নির্বাচন পরবর্তী সময়েও ঘটছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহ নগরীর তারেক স্মৃতি অডিটোরিয়ামে মহানগর জামায়াতের রোকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, ভালো ও জনকল্যাণমূলক কাজে জামায়াত সরকারকে সহযোগিতা করবে। তবে অন্যায় ও জুলুমের প্রশ্নে তারা তীব্র বিরোধিতা অব্যাহত রাখবে।
তিনি দলীয় নেতাকর্মীদের ধৈর্য, শৃঙ্খলা ও আদর্শিক অবস্থান অটুট রাখার আহ্বান জানান।
এ সময় কেন্দ্রীয়, জেলা, মহানগরসহ জামায়াতের বিভিন্ন ইউনিটের পুরুষের পাশাপাশি নারী নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।



