সরকারের বয়স ১৫ দিন, লক্ষ্যের দিকে দ্রুত এগিয়ে চলেছি: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘৫২, ৭১, ৯০ এবং ২৪- এর চেতনাকে ধারণ করে আমরা জাতি গঠনে এগিয়ে যাবো। আমরা একটা রক্তপাতের মধ্য দিয়ে দীর্ঘদিনের লড়াই সংগ্রামের ফসল হিসেবে একটা রাজনৈতিক সরকার পেয়েছি।’
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁওয়ে বেসরকারি সংস্থা ইএসডিওর ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘সরকারের বয়স কেবল ১৫ দিন, এর মধ্যেই আমরা আমাদের লক্ষ্যের দিকে দ্রুততার সঙ্গে এগিয়ে চলেছি।’ তিনি এই জেলায় তার নির্বাচনি প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন শুরু করার ঘোষণা দেন।
ইতিমধ্যেই ঠাকুরগাঁও মেডিক্যাল কলেজ বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণার বাস্তবায়নে টিম এসে পড়েছে বলে জানান।
বিএনপি মহাসচিব বলেন, ‘ঠাকুরগাঁও বিমানবন্দর চালু করার কাজ এগিয়ে যাচ্ছে। একইসঙ্গে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কাজও শিগগিরই শুরু হবে। যুবকদের কর্মসংস্থানের উদ্দেশে ইপিজেড নির্মাণের কাজও শুরু হচ্ছে অচিরেই।’
বিএনপির এ নেতা বলেন, ‘কৃষকদের ১০ হাজার টাকা কৃষিঋণ সুদসহ মাফ করা হয়েছে। মা-বোনদেরকে ফ্যামিলি কার্ড দেওয়ার কার্যক্রম চলছে। গণঅভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা এগিয়ে যাচ্ছি। সবাইকে সঙ্গে নিয়ে জাতীয় ঐক্য সৃষ্টি করে জাতি গঠনে এগিয়ে যেতে হবে। আমরা কখনও হার মানিনি, মানবো না। মহান সৃষ্টিকর্তা আমাদেরকে সে তৌফিক দিন যাতে আমরা এ দেশকে একটা হিংসামুক্ত একটা কল্যাণকর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারি।’
ইএসডিও নির্বাহী পরিচালক মোহাম্মদ শহীদ উজ জামানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- পানিসম্পদ প্রতিমন্ত্রী এবং পঞ্চগড়-২ আসনের (বোদা ও দেবীগঞ্জ) সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদসহ এ সময় ঠাকুরগাঁও, পঞ্চগড় দিনাজপুরের সংসদ সদস্যরা, সরকারি বেসরকারি কর্মকর্তা, রাজনীতিবীদসহ বিশিষ্টজনরা।



