পায়ের রগ কেটে যুবদল নেতাকে হত্যা

খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি বক্সীবাড়ি কবরস্থানের সামনে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খান মুরাদ নিহত হয়েছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহত যুবদল নেতা হাজী গ্রামের বাসিন্দা খান মুনসুর আহমেদের ছেলে।
দিঘলিয়া থানার ওসি শাহ আলম বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন।
স্থানীয়রা জানান, শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে ১০-১৫ জনের একটি সন্ত্রাসী দল মুরাদের ওপর হামলা চালায়। এ সময় মুরাদ আত্মরক্ষার জন্য একটি দোকানে আশ্রয় নেন। দুর্বৃত্তরা সেই দোকানে ঢুকে ছুরি দিয়ে দুই হাঁটুর নিচের রগ কেটে দেয়। এরপর স্থানীয় লোকজন মুরাদকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন।
তারা আরও জানান, সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।



