Uncategorized

ইংল্যান্ডের জয়ে বিশ্বকাপে টিকে থাকলো পাকিস্তান 

জিতলেই ইংল্যান্ডের সঙ্গে সেমিফাইনাল নিশ্চিত করতো নিউজিল্যান্ড। কিন্তু কলম্বোয় শেষ দিকে দুর্দান্ত ব্যাটিংয়ে ৪ উইকেটে জিতে গ্রুপসেরা হয়ে সেমিতে যাচ্ছে ইংল্যান্ড। তাদের রোমাঞ্চকর জয়ে এখন কপাল খুলেছে পাকিস্তানেরও। পয়েন্ট টেবিলে গ্রুপ দুইয়ে নিউজিল্যান্ড রয়েছে দ্বিতীয় স্থানে। তাদের পয়েন্ট ৩। কিন্তু শনিবার ইতোমধ্যে বিদায় নিশ্চিত হওয়া শ্রীলঙ্কার বিপক্ষে বড় জয় পেলে পাকিস্তান সেমিফাইনালের টিকিট নিশ্চিত করবে। সালমান আগাদের পয়েন্ট এখন ১। 

ধীরগতির উইকেটে পুরো ম্যাচজুড়ে উল্লেখযোগ্য সহায়তা পেয়েছেন স্পিনাররা। শেষ ১৭ বলে ইংল্যান্ডের দরকার ছিল ৪২ রান। তখন ম্যাচটা কিউইদের দিকে ঝুঁকে ছিল। কঠিন সেই পরিস্থিতিতে রেহান আহমেদ মারেন বিশাল এক ছক্কা। জ্যাকসও হাঁকান একটি ছক্কা। এরপর অফ স্পিনার গ্লেন ফিলিপসের পরের পাঁচ বলে তোলেন ২১ রান। যার মধ্যে ছিল টানা দুটি চার। তাতে বদলে যায় দৃশ্যপট। 

১৯তম ওভারের শেষ বলে মিচেল স্যান্টনারকে উড়িয়ে আরেকটি ছক্কা মারেন রেহান। তাতে শেষ ওভারে সমীকরণ দাঁড়ায় ৫ রান। তখন তিন বল হাতে রেখেই টানা পঞ্চম জয় নিশ্চিত করে ইংল্যান্ড।

জ্যাকস ১৮ বলে ৩২* রানে অপরাজিত থাকেন। তার ইনিংসে ছিল ৪টি চার ও ১টি ছক্কা। রেহান আহমেদ ১ চার ও ২ ছক্কায় ৭ বলে খেলেছেন ১৯* রানের বিধ্বংসী একটি ইনিংস। দুজন মিলে মাত্র ১৬ বলে গড়েন ৪৪ রানের জুটি।

শুরুতে ইংলিশ স্পিনারদের দাপট নিউজিল্যান্ডকে ৭ উইকেটে ১৫৯ রানে আটকে রাখে। 

মূলত ইংল্যান্ডের স্পিনারদের কারণে রান পায়নি নিউজিল্যান্ড। এক পর্যায়ে ১৪ ওভারে তাদের স্কোর ছিল ৩ উইকেটে ১২৩। শেষ ৬ ওভারে তারা করতে পারে মাত্র ৩৬ রান। উল্লেখযোগ্য ইনিংস খেললেও সেটা বড় করতে পারেননি ওপেনার টিম সেইফার্ট (৩৫), ফিন অ্যালেন (২৯), গ্লেন ফিলিপস (৩৯)। দুটি করে উইকেট নেন আদিল রশিদ, উইল জ্যাকস ও রেহান আহমেদ। 

 




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button