Uncategorized

রাতে ম্যাচ, সেমিফাইনালে যেতে পাকিস্তানকে যা করতে হবে

টি-টোয়েন্টি বিশ্বকাপে গতকাল নিউজিল্যান্ডকে হারিয়ে পাকিস্তানের সেমিফাইনাল স্বপ্ন বাঁচিয়ে তুলেছে ইংল্যান্ড। এর ফলে আজ শনিবার সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে সেমিফাইনালে ওঠার সমীকরণ পরিষ্কার জেনেই স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে পাকিস্তান। পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটা মাঠে গড়াবে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। দেখাবে টি স্পোর্টস ও নাগরিক টিভি। 

কলম্বোয় নিজেদের শেষ সুপার এইট ম্যাচে সেমিফাইনালে উঠতে ইংল্যান্ডকে হারাতে হতো নিউজিল্যান্ডকে। কিন্তু ব্ল্যাক ক্যাপসদের ৪ উইকেটের পরাজয়ে তাদের সেমিফাইনাল ওঠা এখন অনিশ্চয়তায় পড়ে গেছে। বরং তাদের হারের ফলে শেষ চারে ওঠার ক্ষীণপথটুকু পাকিস্তানের জন্য উন্মুক্ত হয়ে গেছে। 

সুপার এইটের গ্রুপ-২ থেকে তিন ম্যাচে তিন জয়ে ছয় পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। অন্যদিকে, নিউজিল্যান্ড তিনটি ম্যাচই শেষ করেছে। তাদের সংগ্রহ তিন পয়েন্ট, নেট রানরেট +১.৩৯০।

নিউজিল্যান্ডের বিপক্ষে একটি ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় এবং ইংল্যান্ডের কাছে হারের কারণে পাকিস্তানের সংগ্রহ দুই ম্যাচে এক পয়েন্ট। তাদের নেট রানরেট -০.৪৬১।

এরই মধ্যে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে শ্রীলঙ্কা। তাই শেষ চারে উঠতে হলে পাকিস্তানকে শুধু জিতলেই হবে না, জিততে হবে নির্দিষ্ট ব্যবধানে। আগে ব্যাটিং করলে অন্তত ৬৪ রানের ব্যবধানে জিততে হবে। আর আগে বোলিং করলে ১৩.১ ওভারের মধ্যেই লক্ষ্য তাড়া করে জিততে হবে সালমান আগার দলকে। এর চেয়ে কম ব্যবধানে জিতলে কিংবা সমীকরণ মেলাতে না পারলে পাকিস্তানকে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে।

অবশ্য চলতি আসরে এখন পর্যন্ত এত বড় ব্যবধানে জয়ের সামর্থ্যের কোনও প্রমাণ দিতে পারেনি পাকিস্তান। বরং পরিসংখ্যান বলছে, টি-টোয়েন্টি বিশ্বকাপে পূর্ণ সদস্য কোনও দলের বিপক্ষে আগে ব্যাটিং করে কখনও এত বড় ব্যবধানে জেতেনি তারা। আর লক্ষ্য তাড়া করে এমন জয় এসেছে মাত্র একবার ২০০৯ সালে। তার ওপর ভারতের তুলনায় শ্রীলঙ্কার উইকেট সাধারণত ধীরগতির হওয়ায় বড় ব্যবধানে জয়ের পথ আরও কঠিন হয়ে ওঠে। তার সঙ্গে যুক্ত হয়েছে পাকিস্তানের মিডল অর্ডারে পাওয়ার হিটারের অভাব। বিপরীতে শ্রীলঙ্কাও চাইবে শেষটা অন্তত সান্ত্বনা নিয়ে শেষ করতে। তাই সব মিলিয়ে সমীকরণ কঠিনই। 




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button