দোকানে এসি বিস্ফোরণ, ব্যবসায়ী দগ্ধ

নেত্রকোনা শহরে একটি দোকানে শীতাতপনিয়ন্ত্রিত যন্ত্রের (এসি) গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর আগুন ধরে গেছে। এতে দোকানটির মালিক রাজু সাহা (৪৫) দগ্ধ হন। চিকিৎসক জানিয়েছেন, তার শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে গেছে।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে আখড়ার মোড় এলাকায় ব্র্যাক ব্যাংক সংলগ্ন হেনা ডিজিটাল কালার ল্যাব অ্যান্ড স্টুডিওতে এ ঘটনা ঘটে। দগ্ধ ব্যবসায়ী রাজু সাহা শহরের নিউটাউন এলাকার মানিক সাহার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে রাজু সাহা তার ব্যবসাপ্রতিষ্ঠান খোলেন। এরপর প্রয়োজনীয় কাজ করছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ করে বিকট শব্দ হয়। পাশের দোকানিরা এগিয়ে দেখেন, এসিতে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর তাতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে ওই দোকানে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় ধোঁয়ায় ছেয়ে যায়। স্থানীয় লোকজন দোকানে ঢুকে দগ্ধ রাজু সাহাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে নেত্রকোনা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের সদস্যরা স্থানীয় মানুষের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বৃষ্টি আক্তার বলেন, দগ্ধ ব্যবসায়ীর শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন সরকার বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। শুনেছি দগ্ধ ব্যবসায়ীর অবস্থা সংকটাপন্ন। কীভাবে ঘটনাটি ঘটেছে, তা খতিয়ে দেখা হবে।’



