প্রথম আলো-ডেইলি স্টারের ঘটনায় মাথা হেঁট হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রথম আলো ও ডেইলি স্টারের ঘটনায় বিদেশে দেশের মাথা হেঁট হয়ে গেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। শনিবার (২৮ ফেব্রুয়ারি) প্রথম আলোর পুড়ে যাওয়া ভবনের প্রদশর্নী দেখে তিনি এ মন্তব্য করেন।
খলিলুর রহমান বলেন, “প্রথম আলো ও ডেইলি স্টারের ঘটনায় আমাকে স্থানীয় কূটনৈতিক মহলে ও বিদেশে কথা শুনতে হয়েছে। আমাদের মাথা হেঁট হয়ে গেছে। আমরা আজকে একটা প্রতিজ্ঞা করতে পারি, এ ধরনের ঘটনা আমাদের দেশে আর ঘটবে না। এ প্রতিজ্ঞাটি সারা সমাজকে করতে হবে।”
তিনি আরও বলেন, “প্রথম আলো এবং ডেইলি স্টারের ওপরে এ ধরনের আক্রমণ আমরা আগে দেখিনি। এটা ছিল স্বাধীন গণমাধ্যমের ওপর একটা আক্রমণ। ভয়ভীতি প্রদর্শন, অগ্নিসংযোগ, জানমাল ধ্বংস করা, ভাঙচুর করা সভ্য সমাজের অংশ হতে পারে না। এ হামলার দায়দায়িত্ব এড়িয়ে যাওয়া কোনও সরকারের পক্ষে সঠিক নয়। এ হামলার সুষ্ঠু বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা এই সরকার করবে।”
আজ হামলার শিকার প্রথম আলোর পুড়ে যাওয়া ভবন নিয়ে আয়োজিত শিল্প আয়োজন ‘আলো’ দেখতে যান রাজনীতিবিদ, লেখক, সাংবাদিক, শিল্পী, নাগরিক সমাজের প্রতিনিধিরা। এ তালিকায় ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান, মাহদী আমিন, জাতীয় নাগরিক পার্টির নেতা সারজিস আলম। প্রথম আলো ভবন পরিদর্শন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী ডেইলি স্টার ভবনেও যান।
প্রথম আলোর পুড়িয়ে দেওয়া ভবন ঘিরে শিল্পী মাহ্বুবুর রহমানের তৈরি করা ‘আলো’ শীর্ষক এ প্রদর্শনী শুরু হয় গত ১৮ ফেব্রুয়ারি। কাওরান বাজারে পুড়ে যাওয়া ভবনটিতে প্রতিদিন বেলা ১১টা থেকে ১টা এবং বেলা ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকে। প্রাথমিকভাবে প্রদর্শনী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলার কথা ছিল। পরে প্রদর্শনীর সময় দু’দিন বাড়ানো হয়েছে। আগামী ২ মার্চ পর্যন্ত এ প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।



