Uncategorized

এখন থেকে সংসদই হবে সব আলোচনার কেন্দ্রবিন্দু: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, এখন থেকে সংসদই হবে সব আলোচনার কেন্দ্রবিন্দু। সেখানে তর্ক-বিতর্ক ও বহুমতের মধ্য দিয়ে জাতীয় স্বার্থে ঐকমত্য গড়ে তোলা হবে। দেশের গুরুত্বপূর্ণ ইস্যুগুলো সংসদেই আলোচিত হবে এবং সেখান থেকেই জাতির জন্য দিকনির্দেশনা আসবে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির আবাহনী মাঠে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সড়ক পরিবহন, রেল ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম রবি ও জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

এনসিপিকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণতন্ত্রের মাঠে নতুন রাজনৈতিক শক্তির উত্থান দেশের রাজনীতিকে আরও গতিশীল ও সমৃদ্ধ করবে।

তিনি অনুষ্ঠানে উপস্থিত জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেলসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান এবং এনসিপির যাত্রার শুরু থেকেই দলটির প্রতি আশাবাদ ব্যক্ত করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এনসিপি যখন রাজনৈতিক দল হিসেবে যাত্রা শুরু করে, সেদিন ব্যক্তিগতভাবে উপস্থিত থাকতে না পারলেও টেলিভিশনে অনুষ্ঠানটি দেখেছেন এবং তা তাকে অনুপ্রাণিত করেছে। তার মতে, তরুণদের রাজনীতিতে অংশগ্রহণ দেশের রাজনৈতিক সংস্কৃতিকে মর্যাদাবান করবে এবং ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্ত্রী উল্লেখ করেন, নির্বাচনি সমঝোতার মাধ্যমে জাতীয় সংসদে এনসিপির ৬টি আসন পাওয়া দলটির জন্য বড় অর্জন। ভবিষ্যতে এই সংখ্যা বাড়তে পারে বলেও তিনি আশা প্রকাশ করেন। তবে তিনি বলেন, রাজনীতিতে সাফল্য রাতারাতি আসে না; উত্থান-পতন মেনে নিয়েই এগোতে হয়।

সালাউদ্দিন আহমদ আরও বলেন, বর্তমান ও আগামী প্রজন্ম এমন রাজনীতি চায়, যা জনগণের প্রত্যাশা ও চাহিদাকে ধারণ করে। অতীতের ইতিহাসে সীমাবদ্ধ না থেকে ভবিষ্যৎ নির্মাণের রাজনীতি করতে হবে। তিনি আশা প্রকাশ করেন, এনসিপি ২০২৪ সালের জুলাই ছাত্র-গণঅভ্যুত্থানের শহিদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবে।

দলটির ঘোষণাপত্র ও ইশতেহার প্রসঙ্গে তিনি বলেন, সময়ের চাহিদা অনুযায়ী রাজনৈতিক কর্মসূচি, গঠনতন্ত্র ও ইশতেহারে পরিবর্তন আনতে হবে। রাজনীতি স্থির নয়, এটি একটি গতিশীল প্রক্রিয়া এ কথা মনে রেখে এগোতে হবে।




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button