Uncategorized

সোনাগাজীতে সেপটিক ট্যাংকে নেমে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু

ফেনীর সোনাগাজী উপজেলায় সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে সজিব (২২) ও আরাফাত (২১) নামে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে পৌরসভার বাসস্ট্যান্ড সংলগ্ন একটি নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে। দুই জনই উপজেলার সদর ইউনিয়নের চরখোয়াজ গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়দের প্রাথমিক ধারণা, ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসের প্রভাবে শ্বাসরোধ হয়ে তাদের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই জনকেই মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভবনের সেপটিক ট্যাংক পরিষ্কারের সময় প্রথমে একজন শ্রমিক ভেতরে নামেন। কিছুক্ষণ পর তার কোনও সাড়া না পেয়ে অপর শ্রমিক তাকে উদ্ধারের জন্য নিচে নামেন। পরে দুই জনই অচেতন হয়ে পড়েন। বিষয়টি বুঝতে পেরে স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন।

এ বিষয়ে সোনাগাজী মডেল থানার ওসি কামরুজ্জামান জানান, সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিক অচেতন হয়ে পড়েন। প্রাথমিকভাবে বিষাক্ত গ্যাসে শ্বাসরোধজনিত কারণেই তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। লাশের ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button