‘বগুড়া সিটি করপোরেশন গঠন চূড়ান্ত পর্যায়ে, প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবেন’

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, বগুড়া সিটি করপোরেশন গঠনের বিষয়টি একেবারে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। যেহেতু বগুড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের জেলা, তাই এ বিষয়ে তিনিই সিদ্ধান্ত নেবেন। তার সঙ্গে কথা বলে বিষয়টি চূড়ান্ত করা হবে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে জেলার সরকারি দফতর ও সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
অপর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের বগুড়া সফরের সম্ভাব্য কর্মসূচিটি এখনও চূড়ান্ত হয়নি। দুয়েক দিনের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
বিভিন্ন আন্দোলন সংগ্রাম ও সম্প্রতি জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিকদের ভূমিকা তুলে ধরে কৃতজ্ঞতা প্রকাশ করে মীর শাহে আলম বলেন, সাংবাদিকতা পেশায় বগুড়া অনেক গুরুত্বপূর্ণ জায়গা। বিগত সময়ে সহযোগিতা করেছেন সাংবাদিকরা। সরকারের প্রতিনিধি হিসেবে কৃতজ্ঞতা জানাচ্ছি। বগুড়ার উন্নয়নে কি কি করণীয় তা সাংবাদিকদের তুলে ধরে পরামর্শ দেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর উন্নয়ন থেকে বঞ্চিত বগুড়ার কাঙ্ক্ষিত উন্নয়নে কাজ করে যাওয়ার অঙ্গীকার করছি। বগুড়ার মানুষ বিএনপিকে ভালোবাসে, বিপুল ভোটে বিএনপির প্রার্থীদের বিজয়ী করেছে। তাদের আশা আকাঙ্ক্ষা রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ার সন্তান, বগুড়ার মানুষের প্রধানমন্ত্রী, তার সঙ্গে কথা বলে সুন্দর বগুড়া গড়তে আমরা সব সংসদ সদস্য মিলে একসঙ্গে কাজ করবো ইনশাল্লাহ।



