চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে আরও একজনের মৃত্যু

চট্টগ্রামের হালিশহরের একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় মো. শিপন (৩১) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান বলেন, “সন্ধ্যা ৭টার দিকে আইসিইউতে শিপনের মৃত্যু হয়েছে। তার শরীরের ৮৩ শতাংশ দগ্ধ ছিল। একইসঙ্গে ছিল ইনহ্যালেশন ইনজুরি।”
এর আগে এ ঘটনায় শিপনের ভাবি নুরজাহান আক্তার, ভাতিজা শাওন, ভাই সামির হোসেন, আরেক ভাবি পাখি আক্তার এবং বড় ভাই সাখাওয়াত হোসেনের মৃত্যু হয়েছে। গ্যাস বিস্ফোরণের দগ্ধ তিনজন চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানান ডা. শাওন।
কয়েকদিন আগে চট্টগ্রামের হালিশহরে একটি আবাসিক ভবনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে একই পরিবারের সদস্যসহ ৯ জন দগ্ধ হন। ঘটনার পরপরই তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।



