ফ্লাইট বাতিল হওয়া যাত্রীদের থাকার ব্যবস্থা করবে সরকার

মধ্যপ্রাচ্যে পরিস্থিতি অস্থির হয়ে ওঠায় বাংলাদেশ থেকে এ অঞ্চলগামী সব ধরনের ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন বিমানবন্দরে আসা শত শত যাত্রী। এমতাবস্থায় বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীদের রাত্রীযাপনের ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মধ্যপ্রাচ্যে উদ্ভূত পরিস্থিতির কারণে কিছু ফ্লাইট বাতিল হওয়ায় যাত্রীদের অপ্রত্যাশিত অসুবিধা সৃষ্টি হয়েছে। যেসব যাত্রীর ফ্লাইট বাতিল হয়েছে, তাদের রাতযাপন সুবিধা দেওয়া হবে। এ জন্য প্রবাসী কল্যাণ ডেস্ক অথবা বিমানবন্দরের লাউঞ্জে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
প্রসঙ্গত, মধ্যপ্রাচ্যে যুদ্ধের ঘটনায় ফ্লাইট স্থগিত করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিমানের জনসংযোগ বিভাগের কর্মকর্তা বোসরা ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এয়ারলাইন্স কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ ছাড়া যাত্রীদের এয়ারপোর্টে না আসার নির্দেশনা দেওয়া হয়েছে।
বিমান কর্তৃপক্ষ বলছে, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকিতে ফেলেছে। এর প্রেক্ষিতে সংশ্লিষ্ট দেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী বাহরাইন, কুয়েত, দুবাই ও কাতারসহ কয়েকটি দেশের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।



