Uncategorized

চীনকে নিয়ে মনিকা, ‘সবদিক দিয়ে ওরা শক্তিশালী’

এশিয়ান কাপে প্রথম বার খেলার অপেক্ষায় বাংলাদেশ। প্রথম ম্যাচে নয়বারের চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে লড়তে হচ্ছে। সময় যত ঘনিয়ে আসছে, উত্তেজনা যেন তত বাড়ছে। রবিবারও সিডনির জুবলি স্টেডিয়ামে সকালে নিবিড় অনুশীলন করেছেন ঋতুপর্ণা -মনিকা- মারিয়ারা।  চীনের মতো দলের বিপক্ষে লড়াইয়ে আগে আত্মবিশ্বাসের কমতি নেই। অনুশীলন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দলের মিডফিল্ডার মনিকা চাকমা শোনালেন ইতিবাচক সব কথা। 

শুরুতে অস্ট্রেলিয়ার কন্ডিশন নিয়ে বাংলাদেশের দু’বারের সাফজয়ী দলের সদস্য মনিকা বলেছেন, ‘আমরা এখানে এসেছি অনেক দিন হয়েছে। এখানকার আবহাওয়ার সঙ্গে অনেকটাই মানিয়ে নিয়েছি। এখানে ভালো অনুশীলন হচ্ছে। প্রতিদিনই আমাদের উন্নতি হচ্ছে। সব মিলিয়ে ভালোই যাচ্ছে।’

এশিয়ান কাপে ৩ মার্চ প্রথম প্রতিপক্ষ চীন। তাদের শক্তিমত্তা নিয়ে সবাই অবগত। ভিডিও ফুটেজ দেখে প্রতিপক্ষকে আটকানোর কৌশল সাজাচ্ছেন কোচ পিটার বাটলার। এ প্রসঙ্গে মনিকা বলেছেন, ‘যেহেতু ওরা এশিয়ার মধ্যে সেরা, এশিয়ান কাপের বর্তমান চ্যাম্পিয়নও, তো ওদের নিয়ে আমাদের প্রত্যেক দিন মিটিং হয়। ভিডিও দেখানো হয়। ওরা কোন পজিশনে কীভাবে খেলে, আমাদের কীভাবে দৌড়াতে হবে বা মাঠে কীভাবে খেলতে হবে, এগুলো মিটিংয়েও বলা হচ্ছে। আর আমরা মাঠেও সেটা নিয়ে কাজ করছি।’

চীনের বিপক্ষে রক্ষণ থেকে আক্রমণভাগ সব বিভাগেই এক তাল লয়ে খেলতে চায় বাংলাদেশ। শুরু থেকেই সতর্ক।  চীনের শক্তিমত্তা  নিয়ে মনিকার মূল্যায়ন, ‘গোলকিপার থেকে স্ট্রাইকার—সবদিক দিয়ে ওরা শক্তিশালী। আমাদেরও রক্ষণ থেকে আক্রমণভাগ পর্যন্ত সবদিক নিয়ে কাজ করা লাগছে।’

চীনের বিপক্ষে ভালো করা কঠিন- এটাই বাস্তবতা। এক সাংবাদিক ড্র বা জয়ের লক্ষ্য থাকবে কিনা- এমন প্রশ্ন জিজ্ঞেস করলে সরাসরি কোনও উত্তর দেননি মনিকা, ‘আমরা সেরাটা দেওয়ার চেষ্টা করবো। ফল যা–ই হোক, আমরা আমাদের সেরাটা দেবো।’

মনিকা আরও বলেন, ‘আমরা আমাদের নিজেদের নিয়ে বেশি ভাবছি, কারণ, এখানে পারফরম্যান্স করতে হবে। দেশের জন্য হোক, নিজের জন্য বা পরিবারের, সবার জন্যই আমরা এখানে খেলতে এসেছি। আমরা আমাদের দেশের জন্যই ভাবছি।’

মনিকার কথায় এটা পরিষ্কার সবার মধ্যে লড়াকু মনোভাব। সেরাটা দেওয়ারই পণ। ফল যাই হোক না কেন।

 




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button