ভেন্যুতে অনুশীলন নেই, মাঠ দেখার সুযোগ থাকলেও বাংলাদেশ নিচ্ছে না!

সাধারণত আন্তর্জাতিক ম্যাচে আগেরদিন মূল ভেন্যুতে অনুশীলন করে থাকে সফরকারী কিংবা স্বাগতিক দল। কিন্তু এবার এশিয়ান নারী চ্যাম্পিয়নশিপে সেই সুযোগটি রাখা হয়নি। ১ মার্চ চীনের বিপক্ষে ম্যাচটি হতে যাচ্ছে কমব্যাংক স্টেডিয়ামে। সোমবার কোনও দলের জন্যই নির্ধারিত স্টেডিয়ামে অনুশীলনের সুযোগ রাখেনি এএফসি। তবে কেডস পরে হেঁটে ভেন্যু দেখার সুযোগ থাকলেও বাংলাদেশ তা নিচ্ছে না।
মূলত মাঠের সুরক্ষার জন্যই এএফসি এই বিধি নিষেধ জারি করেছে। ম্যাচের আগেরদিন অনুশীলন করার সুযোগ না দিলেও উভয় দলকে পনেরো মিনিট মাঠে হাঁটার সময়সূচি বরাদ্দ ছিল। যদিও সেদিকে যাচ্ছে না ঋতুপর্ণারা।
বাংলাদেশ অনুশীলন করছে জুবলি স্টেডিয়ামে। আগামীকালও বাংলাদেশ জুবলি স্টেডিয়ামে সকাল ৯টা থেকেই অনুশীলন করবে। ম্যাচের আগেরদিন নির্ধারিত সংবাদ সম্মেলনে কোচ ও একজন খেলোয়াড় থাকবেন। কিন্তু সকালে অনুশীলন করে এসে মধ্যাহ্নভোজ সেরে স্টেডিয়ামে হাঁটতে যেতে চান না কোচ বাটলার। তাই মূল ভেন্যুতে সরাসরি খেলার অপেক্ষায় বাংলাদেশ দল।
ম্যাচের আগে ভেন্যুতে অনুশীলনের সুযোগ নেই। তাতে চিন্তিত নয় বাংলাদেশের কোচ ও খেলোয়াড়েরা। বর্তমান অনুশীলন মাঠও তাদের কাছে দারুণ মনে হয়েছে। তাদের আশা কমব্যাংক স্টেডিয়ামের মাঠও তেমন হবে। বাংলাদেশের মিডফিল্ডে অন্যতম অস্ত্র মনিকা চাকমা যেমন বলেছেন, ‘এখানে কোনও সমস্যা নেই। এই মাঠও ভালো, ওটা যেরকম মাঠ এটাও সেই রকম।’



