আবারও বিস্ফোরণে কাঁপলো দুবাই, দোহা ও মানামা

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ও শীর্ষ কর্মকর্তাদের হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে দ্বিতীয় দিনের মতো বড় ধরনের হামলা চালিয়েছে ইরান। রবিবার সকালে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, কাতারের রাজধানী দোহা এবং বাহরাইনের রাজধানী মানামায় দফায় দফায় শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এতে দীর্ঘদিনের শান্তিপূর্ণ ও নিরাপদ অঞ্চল হিসেবে পরিচিত উপসাগরীয় দেশগুলোতে বড় ধরনের যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকালে দোহার দক্ষিণ দিগন্তে কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। এর পরপরই মধ্যপ্রাচ্যের অন্যতম ব্যবসায়িক কেন্দ্র দুবাইতেও বিস্ফোরণ ঘটে। শহরের আকাশে ক্ষেপণাস্ত্র প্রতিহতের সাদা ধোঁয়া এবং জেবেল আলি বন্দরের ওপর কালো ধোঁয়া দেখা গেছে। মানামায় অন্তত চারটি বড় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তবে রবিবারের হামলায় এখন পর্যন্ত হতাহতের কোনও সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
এর আগে শনিবার চালানো ইরানি হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার তারা ১৩৭টি ক্ষেপণাস্ত্র ও ২০৯টি ড্রোন হামলার শিকার হয়েছে। দুবাইয়ের পাম জুমেইরাহ ও বুর্জ আল-আরব সংলগ্ন এলাকায় আগুনের দেখা মিলেছে। আবুধাবি বিমানবন্দরে হামলায় একজন নিহত ও সাতজন আহত হয়েছেন। এ ছাড়া বিশ্বের অন্যতম ব্যস্ত দুবাই বিমানবন্দর ও কুয়েত বিমানবন্দরেও হামলা হয়েছে। কাতারে ১৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।



