খুলনা সিটি করপোরেশন হবে দুর্নীতিমুক্ত, ঘুমাবো কম কাজ করবো বেশি

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়েছেন নগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। দায়িত্ব নেওয়ার পর তিনি বলেছেন, ‘সিটি করপোরেশনের সীমিত সামর্থ্যে ক্লিনারদের সঙ্গে নিয়ে ভোর ৬টার পর থেকে ড্রেন পরিষ্কার কাজ করা হবে। ক্লিনারের কাজ সঠিক নিয়মে হচ্ছে কিনা তা সরাসরি তদারকি করবো। আমি ঘুমাবো কম, কাজ করবো বেশি। আমি দেখতে চাই আমার কর্মচারীরা কতখানি সঠিকভাবে কাজ করে। প্রশাসক মাঠে থাকবে। কর্মকর্তা কর্মচারীরাও মাঠে থাকবে।’
রবিবার (১ মার্চ) বিকাল ৩টায় নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে প্রশাসকের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
নজরুল ইসলাম মঞ্জু বলেন, ‘নাগরিক সেবা দেওয়ার বিষয়ে কেসিসির যেমন দায় দায়িত্ব আছে। তেমনি নাগরিকদেরও নাগরিক দায়িত্ব পালন করতে হবে। তাহলেই সমন্বিতভাবে এই নগরী বাসযোগ্য হয়ে উঠবে। সম্মিলিত প্রয়াসে নগরীকে গ্রিন ক্লিন সিটিতে পরিণত করা সহজ হবে। উন্মুক্ত আবর্জনা থাকবে না। এটি প্যাকেট করতে হবে। রিসাইকেলিং করে সারে রূপ দিতে হবে। শহরের যতো আবর্জনার স্তূপ সেগুলোকে প্যাকেট করে ঢেকে রাখতে হবে। খোলা রেখে মানুষের বিড়ম্বনা সৃষ্টি আমরা করবো না।’
তিনি আরও বলেন, ‘খুলনার মানুষের প্রত্যাশা পূরণ হবে। সিটি করপোরেশনের সব মানুষের সম্মান প্রদান, সার্বক্ষণিক সেবা দেওয়া আমাদের দায়িত্ব। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী একটি পরিচ্ছন্ন, সবুজ, চাঁদাহীন সিটি গড়তে আমরা কাজ করবো। সিটি করপোরেশন হবে শতভাগ দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠান। সকাল থেকে রাত পর্যন্ত কাজ করতে চান নবাগত প্রশাসক। এ দায়িত্ব পালন কালে সকলের সহযোগিতা চান তিনি।
রবিবার দুপুরে কেসিসি’র সভাকক্ষে এ দায়িত্ব হস্তান্তর করেন বিভাগীয় কমিশনার মো: মোখতার আহমেদ। ফুল দিয়ে বরণ করা হয় নবাগত প্রশাসককে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ। অনুষ্ঠানে খুলনার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিকসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ (সদর-সোনাডাঙ্গা) আসনে ধানের শীষের প্রার্থী ছিলেন। তবে এবার জিততে পারেননি। জামায়াতে ইসলামীর খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক শেখ জাহাঙ্গীর হোসেন হেলালের কাছে হারেন তিনি।
২০০৮ সালের জাতীয় নির্বাচনে বিএনপি জোটের ভরাডুবির মধ্যেও খুলনা-২ আসনে জয় পেয়েছিলেন নজরুল ইসলাম মঞ্জু। ২০১৮ সালের জাতীয় নির্বাচনেও নজরুল ইসলাম মঞ্জু খুলনা-২ আসনে বিএনপির প্রার্থী ছিলেন। একই বছরের খুলনা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ছিলেন। এ দুই নির্বাচনে হেরে যান। অন্তর্বর্তী সরকারের আমলে নিয়োগ পাওয়া খুলনা সিটি করপোরেশনের প্রশাসক মোখতার আহমেদের স্থলাভিষিক্ত হলেন নজরুল ইসলাম মঞ্জু।



