ফরিদপুর পৌর আ.লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন

ফরিদপুর পৌরসভা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মালা দিয়ে শ্রদ্ধা জানানোর কর্মসূচিও পালন করা হয়।
রবিবার (১ মার্চ) সকাল ৭টার দিকে শহরের চকবাজার মোড় এলাকায় থানার মোড় এলাকায় অবস্থিত ফরিদপুর পৌর আওয়ামী লীগের কার্যালয়ে (যেটি আগে জেলা আওয়ামী লীগের কার্যালয় হিসেবে ব্যবহৃত হতো) এ কর্মসূচি পালন করা হয়। এ সময় ৮ থেকে ১০ জন যুবলীগ কর্মী উপস্থিত ছিলেন।
এর আগে কয়েক দিনে একবার করে ফরিদপুর শহর আওয়ামী লীগের এই কার্যালয়ে ভোরে, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে রাতে এবং ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভোররাতে জাতীয় পতাকা উত্তোলন করেন ওই এলাকার কয়েকজন আওয়ামী লীগ নেতা।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ পতাকা উত্তোলনের সময় উপস্থিত কর্মীরা প্রথমে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করেন। এ সময় তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’ স্লোগান দেন। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং সংক্ষিপ্ত বক্তব্য দেন।
কর্মসূচিতে নেতৃত্ব দেন শরিফুল হাসান প্লাবন, যিনি ফরিদপুর জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য।
তিনি বলেন, অগ্নিঝরা মার্চের চেতনাকে ধারণ করে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন এবং স্বাধীনতার ইতিহাস স্মরণ করতেই এ আয়োজন করা হয়েছে।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলনের কোনও খবর আমরা পাইনি। ওই কার্যালয়ে এখন পতাকাও নেই। কার্যালয়টি পরিত্যক্ত অবস্থায় রয়েছে।’
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে শহরের থানা রোডে অবস্থিত এ কার্যালয়টি আওয়ামী লীগের দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার হয়ে আসছিল। তবে ২০২২ সালে শহরের আলিপুর মহল্লায় হাসিবুল হাসান লাভলু সড়কে জেলা আওয়ামী লীগের নতুন একটি অফিস উদ্বোধন করা হয়। এরপর থেকে থানা রোডে অবস্থিত এই কার্যালয়টি শহর আওয়ামী লীগের কার্যালয় হিসেবে ব্যবহার হয়ে আসছিল। তবে ২০১৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের সময় হাসিবুল হাসান লাভলু সড়কে অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয়টি গুঁড়িয়ে দেওয়া হয়। বর্তমানে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের ওই স্থানে সরকারি উদ্যোগে জুলাই স্মৃতি স্মারক স্থাপন করা হয়েছে।
ছাত্রদলের উদ্যোগে আওয়ামী লীগ কার্যালয়ের পতাকা উত্তোলনের তিনটি স্ট্যান্ড অপসারণ
এদিকে রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেনের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা ফরিদপুর পৌর আওয়ামী লীগের কার্যালয়ে অবস্থিত পতাকা উত্তোলনের তিনটি স্টিলের স্ট্যান্ড কেটে অপসারণ করেন। ওই কার্যালয়ের দ্বিতীয় তলার স্ট্যান্ড তিনটি হ্যাকসো ব্লেড দিয়ে কেটে সরিয়ে ফেলেন ছাত্রদলের নেতাকর্মীরা।
এ ব্যাপারে জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন বলেন, ‘আওয়ামী লীগের এই কার্যালয়টি ফরিদপুর কোতোয়ালি থানার পাশেই অবস্থিত। দুই দিন পর পর নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন পতাকা টানায়। এতে পুলিশ বিব্রত হয়। আজ রবিবার সকালেও তারা দলীয় কার্যালয়ে কর্মসূচি পালন করেছেন। বিকেলে ওই কার্যালয়ের পতাকা উত্তোলনের তিনটি স্ট্যান্ড অপসারণ কলা হয়। এ সময় আমরা ওই কার্যালয়ের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম। এই দৃশ্য দেখে আমি সেখানে কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছিলাম।’



