একই ঘরের দুই কক্ষ থেকে মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার

কুমিল্লার চান্দিনায় একই ঘরের দুই কক্ষ থেকে মা ও সাত বছর বয়সী মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার বিকালে উপজেলার দোল্লাই নবাবপুর ইউনিয়নের সাঁকোজ গ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় লোকজনের ধারণা, সাত বছরের মেয়েকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যার পর মা আত্মহত্যা করেছেন।
নিহতরা হলেন- সাঁকোজ গ্রামের মোজাহিদুল ইসলাম মজুমদারের স্ত্রী ফারহানা আক্তার (৩৩) ও তার মেয়ে ফাছিহা আক্তার (৭)। ওই নারীর আরও একটি মেয়ে ও ছেলে রয়েছে। মোজাহিদুল ইসলাম ঢাকায় একটি মাদ্রাসায় চাকরি করেন। একমাত্র ছেলে জুবায়ের হোসেন বাবার সঙ্গে ঢাকায় থাকে। ১০ বছর বয়সী বড় মেয়ে স্থানীয় একটি মাদ্রাসার আবাসিক শিক্ষার্থী। গ্রামের বাড়িতে শাশুড়ির সঙ্গে ছোট মেয়েকে নিয়ে থাকতেন ফারহানা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রবিবার সকালে তালিম (ধর্মীয় আলোচনা) দিতে বাড়ি থেকে বের হন ফারহানা আক্তারের শাশুড়ি কদরবানু। দুপুরে শাশুড়ি বাড়ি ফিরে ঘরের দরজা-জানালা ভেতর থেকে বন্ধ দেখতে পেয়ে বাইরে থেকে অনেক ডাকাডাকি করেন। সাড়াশব্দ না পেয়ে আশপাশের মানুষজন ডাকেন কদরবানু। পরে প্রতিবেশীরা এসে জানালা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে ঘরের একটি কক্ষে শিশু ফাছিহার এবং অন্য কক্ষে ফারহানার ঝুলন্ত লাশ দেখতে পান। খবর পেয়ে বিকালে লাশ দুটি উদ্ধার করে পুলিশ।
চান্দিনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, ‘একই ঘরের দুই কক্ষে ঝুলছিল মা ও মেয়ের ঝুলন্ত লাশ। তদন্তের মাধ্যমে পরবর্তী সময়ে ঘটনার বিস্তারিত জানা যাবে। পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে। লাশ দুটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে শিশুমেয়েকে ফাঁসিতে ঝুলিয়ে পরে মা-ও আত্মহত্যা করেছেন।’



