খুলনায় এবার একাধিক মামলার আসামি গুলিতে আহত

খুলনা মহানগরীর নিরালা এলাকায় এবার সন্ত্রাসীদের গুলিতে একাধিক মামলার আসামি আব্দুল আজিজ (৩৫) আহত হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। এ নিয়ে ১২ ফেব্রুয়ারি নির্বাচনের পর মহানগরীতে ৪ জন গুলিবিদ্ধ হলো। এর মধ্যে একজন গুলিতে নিহত হয়।
রবিবার দিনগত রাত ৯টার দিকে নিরালার জাহিদুর রহমান সড়কে সর্বশেষ ঘটনায় আজিজ গুলিবিদ্ধ হয়। গুরুতর আহত আজিজকে প্রথমে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে ঢাকায় নেওয়া হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত ৯টার দিকে আজিজ ওই এলাকায় অবস্থানকালে মোটরসাইকেলে দুজন সন্ত্রাসী এসে তাকে লক্ষ্য করে গুলি চালায়। তার বুকের বাঁ পাশে এবং পেটে গুলিবিদ্ধ হয়। এরপর তাকে এলোপাতাড়ি কুপিয়ে সন্ত্রাসীরা মোটরসাইকেলে করে চলে যায়।
সূত্রে জানা যায়, কিছুদিন আগেও আজিজকে গুলি করা হয়েছিল। ওই সময় চিকিৎসায় তিনি সুস্থ হন। আহত আজিজ খুলনা শীর্ষ সন্ত্রাসী পলাশ গ্রুপের সদস্য। এ ছাড়া তার বিরুদ্ধে অস্ত্র ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) তাজুল ইসলাম বলেন, ‘কী কারণে ঘটনা ঘটেছে তা জানতে তদন্ত শুরু হয়েছে। আজিজের শরীরের বিভিন্ন স্থানে গুলি ও জখমের চিহ্ন রয়েছে। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা আছে।’
উল্লেখ্য, ২৬ ফেব্রুয়ারি সন্ত্রাসীদের উপর্যুপরি গুলিতে শেখ সোহেল (৪৫) নামে এক ব্যবসায়ী ও দুটি হত্যাসহ তিন মামলার আসামি নিহত হয়। ওইদিন দুপুর ৩টা ১০ মিনিটের দিকে মহানগরীর খানজাহান আলী থানাধীন আফিল গেট এলাকার একটি পেট্রোল পাম্প সংলগ্ন বিসমিল্লাহ মোটর নামের একটি গ্যারেজে এ ঘটনাটি ঘটে।
এর আগে ১৭ ফেব্রুয়ারি দিনগত রাত পৌনে ১২টার দিকে মহানগরীর মওলার বাড়ি খালপাড় বোর্ড ঘরের সামনে সোহেল ওরফে চেগা সোহেল (২৮) নামে এক মাদক কারবারি যুবক গুলিবিদ্ধ হয়। এরপর ১৮ ফেব্রুয়ারি বুধবার দিনগত রাত সাড়ে ৮টার দিকে মহানগরীর লবণচরা থানাধীন বান্দাবাজার (হঠাৎ বাজার) রহমানিয়া গলির সামনে আয়নুল (৩২) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়।



