চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস

চলতি মার্চ মাসে দেশে এক থেকে দুটি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। কালবৈশাখী ঝড়ের সম্ভাবনাও রয়েছে। এ মাসে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে বাড়তে পারে।
মার্চ মাসব্যাপী পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, মার্চ মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়/নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই।
এ মাসের শেষের দিকে দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপর দিয়ে এক থেকে দুটি মৃদু (৩৬-৩৭.৯°সে.) থেকে মাঝারি (৩৮-৩৯.৯°সে.) ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে।
এ মাসে দুই-তিন দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা বা মাঝারি ধরনের বৃষ্টি হেতে পারে। এক-দুটি দিন তীব্র কালবৈশাখী ঝড়ের সম্ভাবনাও রয়েছে।



