নতুন করে ভরিতে স্বর্ণের দাম বাড়লো ৫ হাজার টাকার বেশি

দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৭৪ হাজার ১০৪ টাকা এবং ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ২ লাখ ৬১ হাজার ৬৮১ টাকা।
এর আগে রবিবার (১ মার্চ) ২২ ক্যারেট স্বর্ণের ভরির দাম ছিল ২ লাখ ৬৮ হাজার ৬৮০ টাকা এবং ২১ ক্যারেট স্বর্ণের ভরির দাম ছিল ২ লাখ ৫৬ হাজার ৪৩৩ টাকা। এক দিনের ব্যবধানে ভরিতে ৫ হাজার টাকার বেশি দাম বেড়েছে।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সোমবার (২ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, তেজাবি স্বর্ণ ও রুপার (পিওর গোল্ড ও সিলভার) মূল্য বৃদ্ধির কারণে দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক জরুরি সভা সোমবার (২ মার্চ) সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত হয়। সভায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় সর্বসম্মতিক্রমে সকাল ১০টা থেকে নতুন মূল্য কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন নির্ধারিত দামে প্রতি গ্রাম ২২ ক্যারেট হলমার্ক করা (ক্যাডমিয়াম) স্বর্ণালংকার বিক্রি হবে ২৩ হাজার ৫০০ টাকায়। ২১ ক্যারেটের প্রতি গ্রাম ২২ হাজার ৪৩৫ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি গ্রাম ১৯ হাজার ২৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির স্বর্ণালংকারের প্রতি গ্রাম দাম রাখা হয়েছে ১৫ হাজার ৭৩৫ টাকা।
এছাড়া রুপার অলংকারের ক্ষেত্রেও নতুন দাম নির্ধারণ করা হয়েছে। ২২ ক্যারেট হলমার্ক করা রুপার অলংকার প্রতি গ্রাম ৬১৫ টাকা, ২১ ক্যারেট ৫৯০ টাকা এবং ১৮ ক্যারেট ৫০৫ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির রুপার অলংকারের প্রতি গ্রাম মূল্য ৩৮০ টাকা রাখা হয়েছে।
পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ বিক্রয়মূল্য কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ক্রেতাদের কাছ থেকে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট আদায় করে তা সরকারি কোষাগারে জমা দিতে হবে।
বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।



