Uncategorized

৮ ‘ডাকাত’কে বেঁধে মারধর, একজন নিহত

রাজশাহীর পুঠিয়া উপজেলায় ডাকাতির অভিযোগে আট জনকে মারধর করেছে গ্রামবাসী। এতে একজন নিহতহয়েছে। অন্য সাত জনকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার (১ মার্চ) দিবাগত দেড়টার দিকে উপজেলার পলাশি গ্রামে তাদের আটক করেন এলাকাবাসী। এরপর তাদের বেঁধে পিটুনি দেওয়া হয়। সোমবার (২ মার্চ) সকালে খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে।

নিহত ব্যক্তির নাম মো. শাহীন (৫৫)। রাজশাহীর দুর্গাপুর উপজেলার মাড়িয়া গ্রামে তার বাড়ি। বাকি সাত জনের বাড়ি দেশের বিভিন্ন স্থানে এবং তারা সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য বলে জানিয়েছে পুলিশ।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশি অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের পিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তারা আট জনকে উদ্ধার করেন। দলের আট জনের মধ্যে একজন মারা গেছে। বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন।

রামেক হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ ডা. শংকর কুমার বিশ্বাস জানান, আট জনের মধ্যে একজনকে তারা মৃত অবস্থায় পেয়েছেন। অন্য সাত জনের মধ্যে ছয় জন ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। একজন ভর্তি আছেন ৮ নম্বর ওয়ার্ডে। তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল।

পুঠিয়া থানার ওসি জানিয়েছেন, রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে নিহত ব্যক্তির ময়নাতদন্ত হবে। এরপর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়া হবে।




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button