প্রবাসীদের ভিসা ও কর্মস্থলে ফেরা নিয়ে যা বললেন প্রবাসী কল্যাণ-মন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান উত্তপ্ত পরিস্থিতির কারণে ফ্লাইট বাতিল হওয়ায় বিপাকে পড়া প্রবাসী কর্মীদের ভিসা সংক্রান্ত সমস্যা সমাধানে একটি বিশেষ ‘সেল’ গঠন করেছে সরকার। সোমবার (২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান-মন্ত্রী আরিফুল হক চৌধুরী সাংবাদিকদের এই তথ্য জানান।
মন্ত্রী বলেন, “ফ্লাইট বাতিলের কারণে অনেক প্রবাসী সময়মতো কর্মস্থলে ফিরতে পারছেন না, অনেকের ভিসার মেয়াদও শেষের পথে। আমরা একটি বিশেষ সেল গঠন করেছি। যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে আসছে বা মাত্র কয়েকদিন বাকি আছে, তাদের তথ্য পাওয়ামাত্রই সংশ্লিষ্ট দূতাবাসগুলোর সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আশা করছি আমরা এই সংকট কাটিয়ে উঠতে পারবো।”
মধ্যপ্রাচ্য থেকে বাংলাদেশিদের এখনই ফিরিয়ে আনা হবে কিনা— এমন প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, এটি সম্পূর্ণভাবে পরিস্থিতির ওপর নির্ভর করছে। তিনি বলেন, “এটি শুধু বাংলাদেশের সমস্যা নয়; ভারত, পাকিস্তানসহ এশিয়ার অন্যান্য দেশের প্রবাসীরাও একই পরিস্থিতির মুখোমুখি। আমরা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছি এবং পরিস্থিতির ওপর ভিত্তি করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”



