হিজবুল্লাহর সামরিক কার্যক্রম নিষিদ্ধ করলো লেবানন

লেবাননের ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সব ধরনের সামরিক কর্মকাণ্ডকে ‘অবৈধ’ ঘোষণা করেছে দেশটির সরকার। একই সঙ্গে গোষ্ঠীটিকে তাদের সব অস্ত্র সরকারের কাছে হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম এক ঘোষণায় জানান, বৈধ প্রতিষ্ঠানের কাঠামোর বাইরে লেবাননের ভূখণ্ড থেকে পরিচালিত যেকোনও সামরিক পদক্ষেপ সরকার স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছে।
প্রধানমন্ত্রী সালাম বলেন, আমরা হিজবুল্লাহর সব ধরনের সামরিক কার্যক্রম নিষিদ্ধ করছি এবং তাদের ভূমিকাকে কেবল রাজনৈতিক পরিমণ্ডলে সীমাবদ্ধ রাখার নির্দেশ দিচ্ছি। দেশের সামরিক প্রতিষ্ঠানগুলোকে এই সিদ্ধান্ত বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে।
এ সময় প্রধানমন্ত্রী ২০২৪ সালে ইসরায়েলের সঙ্গে হওয়া যুদ্ধবিরতি চুক্তির প্রতি সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং পুনরায় আলোচনা শুরুর ওপর জোর দেন।
সূত্র: আল জাজিরা



